সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার দাবি
নেত্রকোনা ও সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৪
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক বছর পার হলেও প্রকৃত খুনিদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও সমাবেশ করেছে নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরাম । গতকাল সোমবার নেত্রকোনা শহীদ মিনার প্রাঙ্গণে ২ ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সমাবেশে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত রায়, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম সজল, সম্পাদক মনিরুজ্জামান, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক সমিতির সদস্য সচিব নাজমুশ শাহদাত্, এবিসি’র পরিচালক বিকে সরকার লালন, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান প্রমুখ।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জে সাগর-রুনির হত্যাকরাীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জে কর্মরত সকল সাংবাদিক ও হাওর মিডিয়া গ্রুপের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও গণস্বাক্ষর চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জমান চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম বজলু, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, সাংবাদিক বিজন সেন রায়, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, মুক্তিযুদ্ধ প্রজন্মের সংগঠক কবিরুজ্জামান, শিমন চৌধুরী, ছাত্রনেতা ময়না মিয়া প্রমুখ।