জায়গার উপর ১৪৪ ধারা জারি

বাঁশখালীতে জায়গা দখলের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বৈলছড়ি ইউপি’র চেচুরিয়া গ্রামে ওই ঘটনাটি ঘটে। জায়গার মালিক ছৈয়দুর রহমান বলেন, আমাদের জায়গাটি এলাকার রাশেদ আলী ও মো. রাকিব জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। তাদের প্রভাব প্রতিপত্তি দাপট থাকায় আমরা বাঁশখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩০ জানুয়ারি ১৪৪ ধারার জন্য আবেদন করি। বিজ্ঞ আদালত জায়গার উপর ১৪৪ ধারা জারি করে এবং পুলিশকে বিষয়টি দেখার নির্দেশ দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুইপক্ষকে কাগজপত্রসহ আগামী ২০ মার্চ থানায় হাজির হওয়ার জন্য নোটিশ দেয় । নোটিশ পেয়েও ১৪৪ ধারা অমান্য করে বিতর্কিত জায়গায় রাতারাতি টিনশেড দোকানঘর নির্মাণ করে গত ৯ ফেব্রুয়ারি ওই ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেয় রাশেদ আলী ও মোঃ রাকিব। বাঁশখালী থানার এস আই নূরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাশেদ আলী ভালো লোক নয়, ছোট্ট একটা জায়গা দখলের জন্য দেখে আমি হতবাক। আমি তাকে ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে রাশেদ আলী বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমাকে জায়গা দখলের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করতে হয় না। এলাকায় আমার ক্ষমতা আছে। আমি জায়গা দখল করিনি, জায়গা কিনেছি।