দেলদুয়ারে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

টাঙ্গাইলের দেলদুয়ারে চলমান এস.এস.সি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। কেন্দ্রে যাওয়ার পূর্বেই এস.এস.সি’র গণিত প্রশ্নপত্র হাতে পেয়েছে অধিকাংশ পরীক্ষার্থী এরকম গুঞ্জন শোনা গেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। যে সকল পরীক্ষার্থী পরীক্ষার পূর্বেই প্রশ্নপত্র হাতে পেয়েছে তারা প্রশ্নগুলো সমাধান করে পরীক্ষায় অংশ নিয়েছে। এতে বিপাকে পড়েছে যে সকল পরীক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পায়নি। অভিযোগ রয়েছে গণিতের মতো প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্রই একইভাবে ফাঁস হয়েছে। যার ধারাবাহিকতায় রবিবারের গণিত পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের অবস্থা হযবরল হয়ে যায়। ঠিক এই সময় কেন্দ্র পরিদর্শনে আসেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার আবু কায়সার খান। পরীক্ষা চলাকালীন সময়ে তিনি অসদুপায় অবলম্বনের জন্য ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নকল জনিত কারণে তাদের বহিষ্কার করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গে বলেন, অনেকের মত আমিও শুনেছি। তবে স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার পর থেকেই অনেককে ফটোকপির দোকানে প্রশ্নপত্র ফটোকপি করতে দেখা গেছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মেধাবী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।