গঙ্গাচড়ায় ক্যানেল ভেঙে তলিয়ে গেছে তামাক ও বোরো ক্ষেত

গঙ্গাচড়ায় তিস্তা ক্যানেল ভেঙে পানি লোকালয়ে ঢুকে তলিয়ে গেছে প্রায় ৪০ একর জমির তামাক ও সদ্য রোপণ করা বোরো ক্ষেত। উঠতি ফলসের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে বড়বিল ইউনিয়নের বাগপুর এলাকায়। জনৈক এক ব্যক্তি ঐ দিন ক্যানেল কেটে তার নিজ জমিতে পানি সেচ দেয়। কিন্তু কাটা অংশ ঠিকভাবে বন্ধ না করায় রাতে ক্যানেলে পানি সরবরাহ করা হলে ক্যানেলে বিরাট অংশ ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে ক্যানেলের পানি ভিতরে প্রবেশ করে উঠতি ফসল তামাক ও বোরো ক্ষেত তলিয়ে যায়। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম সরেজমিনে ঘুরে এসে ক্যানেল ভাঙার বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয় এক ব্যক্তি রাতের আঁধারে ক্যানেল কেটে জমিতে সেচ দেয়ার পর ভাল করে বেঁধে না দেয়ায় ধীরে ধীরে কাটা অংশ দিয়ে পানি ভিতরে প্রবেশ করেছে। ফলে এলাকার মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে।