যে রায় হোক, তা হবে বিতর্কিত

ট্রাইব্যুনালের বিচারকদের পদত্যাগ করা উচিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের বিচারকরা আর স্বাধীন ও নিরপেক্ষভাবে কর্তব্য পালন করতে পারবেন না। এখন ট্রাইব্যুনাল যে রায়ই দিক না কেন তা বিতর্কিত হবে। তিনি বলেন, ট্রাইব্যুনালের উপর নতুন প্রজন্ম ও প্র্রধানমন্ত্রী যে অনাস্থা জ্ঞাপন করেছেন তার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারপতিদের পদত্যাগ করা উচিত। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ফোরাম আয়োজিত ‘অশুভ গন্তব্যে দেশ, আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ একথা বলেন। নাগরিক ফোরামের সভাপতি আবদুল্লাহ হেল মাসুদের সভাপতিত্বে সভায় বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, শাম্মী আক্তার এমপি প্রমুখ বক্তব্য দেন।