ডাচ-বাংলার এটিএম বুথের ৮৩ লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৫
রাজধানীর পান্থপথে ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে টাকা লোডের (ঢোকানোর) সময় ৮৩ লাখ সাড়ে চার হাজার টাকা ছিনতাই হয়েছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় বুথে টাকা সরবরাহের দায়িত্বে থাকা অরনেট সিকিউরিটি সার্ভিসের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। এরা হলেন গাড়িচালক আনোয়ার হোসেন, গানম্যান সুখরঞ্জন শিকদার, আবদুর রউফ, শফিকুল হক ও মশিউর রহমান।
ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, অরনেট সিকিউরিটি’র সঙ্গে চুক্তি এটিএম বুথে টাকা ভরিয়ে দেয়া। এর বাইরে টাকা খোয়া গেলে দায়-দায়িত্ব ঐ সিকিউরিটি কোম্পানির।
অরনেট সিকিউরিটি সার্ভিসের উপ-সহকারী ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন জানান, রবিবার রাত দেড়টার দিকে তাদের কর্মীরা একটি মাইক্রোবাসে পাঁচ কোটি টাকা নিয়ে পান্থপথ ক্রসিংয়ে যায়। সেখানে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকার একটি ট্রাংক নিয়ে ঢুকে ২০ লাখ টাকা লোড করে। এরপর টাকার ট্রাংকটি গাড়িতে নেয়ার সময় হঠাত্ আরেকটি মাইক্রোবাস সেখানে উপস্থিত হয়। মাইক্রোবাস থেকে চাপাতি, রামদা, লাঠিসোটা হাতে ১০/১২ জন লোক নেমে আসে। অরনেটের কর্মীরা প্রতিরোধ গড়ে তোলার আগেই দুর্বৃত্তদের একজন লাঠি দিয়ে তাদের মাইক্রোবাসের সামনের কাঁচ ভেঙ্গে ফেলে। আরেকজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরে। এরপর একজন গাড়িচালক আনোয়ার হোসেনের মাথায় আঘাত করে ৮৩ লাখ চার হাজার ৫০০ টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নেয়। এরপর তারা মাইক্রোবাসে উঠে রাসেল স্কয়ারের দিকে পালিয়ে যায়। এ সময় গানম্যান সুখরঞ্জন শিকদার দুই রাউন্ড গুলি ছোঁড়েন। তবে এতে কেউ আহত হয়নি। মাত্র ছয় থেকে সাত মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার কলাবাগান থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত পরিচয় ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
কলাবাগান থানার ওসি এনামুল হক জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।