বিএনপির বিক্ষোভ সমাবেশ, দাবি তত্ত্বাবধায়কের
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ। রাজশাহী অফিস জানায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সোমবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি। বিক্ষোভ-সমাবেশে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গতকাল বিকালে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি। বিকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও ইলিয়াছ আলীসহ বিএনপির সকল নেতার হত্যা ও গুমের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পঞ্চগড়ে কালো পতাকা মিছিল করেছে পঞ্চগড় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ।
দিনাজপুর স্টাফ রিপোর্টার জানান, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং নিহত সাগর রুনীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দিনাজপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লুত্ফর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি রেজিনা ইসলাম, সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী প্রমুখ। একই সময় জেলা ছাত্রদল বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কোকোর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা জানান, গতকাল ফুলবাড়ি উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে পুলিশ বাধা দিলে বাজার মসজিদের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা এবং ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে জেলা শ্রমিক দলের সহ-সভাপতি নুরুল ইসলামসহ ৭ জন নেতাকর্মী আহত হয়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে উদ্ধার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় সোমবার ১৮ দলের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করেছে।
নীলফামারী প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি গতকাল বিকালে শহরে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে।
সিলেট অফিস জানায়, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে গতকাল কালো পতাকা মিছিল বের করে সিলেট জেলা বিএনপি। পরে সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম প্রমুখ।
খাগড়াছড়ি প্রতিনিধি, খাগড়াছড়িতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সমাবেশে বক্তারা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী ও চৌধুরী আলমসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, অপহরণ এবং গুপ্ত হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, চৌগাছায় ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিন উদ্দীন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুচ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম মোরশেদ প্রমুখ।
রংপুর প্রতিনিধি জানায়, সোমবার রংপুর মহানগরীতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। পরে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক মোজাফ্ফর হোসেন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, মিজু, শামসুজ্জামান সামু, যুবদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীেয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী ডন, জেলা সভাপতি জহির আলম নয়ন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিযবুল প্রমুখ।