মিসিসিপিতে টর্নেডো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী একটি তুষার ঝড়ের পর গত রবিবার বিকালে দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডো আঘাত হানে। এতে কেউ নিহত না হলেও আহত হয়েছে অনেকে। দেশটির উত্তরাঞ্চলে সমভূমির দিকে ধেয়ে আসছে আরেকটি তুষার ঝড়। খবর রয়টার্স ও সিএনএনের।
গত শনিবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল তুষার ঝড়ে অন্তত ১০ জন নিহত হয়। রবিবার ঝড়টি সরে গেলে দুর্গত এলাকার লোকজন রাস্তাঘাট থেকে তুষার সরানোর কাজ শুরু করে। গত রবিবার দক্ষিণ-পূর্বাঞ্চলে মিসিসিপি ও আলাবামায় অন্তত ১৫টি টর্নেডো আঘাত করে। এতে অন্তত ৭০ জন আহত হয়।
সোমবার ভোরে উত্তর-মধ্যপশ্চিমাঞ্চলে শীতকালীন ঝড় বয়ে যায়। এতে সাতটি অঙ্গরাজ্যে ৮-১৫ ইঞ্চি তুষার জমে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয় ড্যাকোটা ও মিনেসোটায়। আবহাওয়া দপ্তর জানায়, প্রায় বরফশীতল বৃষ্টিপাতের সঙ্গে আরো তুষারপাত হতে পারে। এতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সোমবার বোস্টনের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন মেয়র টম মেনিনো। উত্তর-পূর্বাঞ্চলের নয়টি রাজ্যে এখনো প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহক বিদ্যুত্ বিহীন অবস্থায় আছে। গাছের ডালপালা ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার ফলে এ পরিস্থিতি তৈরি হয়। শুক্র ও শনিবার প্রায় ৫ হাজার ৮শ ফ্লাইট বাতিলের পর রবিবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
যখন উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে ঠিক সেসময় উত্তরের বিশাল সমভূমি এলাকার দিকে ঘনিয়ে আসছে আরেকটি তুষার ঝড়। ঝড়টি সোমবার কলোরাডো থেকে মধ্যাঞ্চলীয় মিনেসোটা পর্যন্ত বয়ে যাওয়ার কথা।