ওয়ানডেতে রেটিং পয়েন্ট কমলো

টি-২০তে বাংলাদেশ-নেপাল পাশাপাশি!

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মত টি-টোয়েন্টিতে ‘শীর্ষ’ ৮০টি দলের র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সেখানে অনুমিতভাবেই সেরা দশে আছে বাংলাদেশ। ২২০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে দশ নম্বরে। হতাশাজনক ব্যাপার হল বাংলাদেশের ঠিক পরেই আছেন দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। ২১২ রেটিং পয়েন্ট নিয়ে তারা বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে।

বাংলাদেশের ঠিক ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ। এই ফরম্যাটে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির রেটিং পয়েন্ট ২২৬। মানে রেটিং পয়েন্টে বাংলাদেশের চেয়ে মাত্র ছয় ধাপ এগিয়ে তারা।

সবার ওপরে আছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ২৮৬। এরপর আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

টেস্ট খেলুড়ে অন্য দুই দল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড বেশ পেছনেই আছে। ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে জিম্বাবুয়ে। অন্যদিকে আয়ারল্যান্ড আছে ১৫ তম অবস্থানে। রেটিং পয়েন্ট ১৮২।

২০১৬ সালের মে মাস থেকে আইসিসির সদস্য রাষ্ট্রের বিপক্ষে অন্তত ৬ ম্যাচ খেলেছে এমন সব দেশের ক্রিকেট দল আছে র্যাংকিংয়ে। তবে, এর বাইরেও ১২ টি এমন দল আছে যারা ছয়টি ম্যাচের কোটা পূরণ না করায় র্যাংকিংয়ে ঠাঁই পায়নি।

টেস্টের শীর্ষে ফিরেছে ভারত। আর ওয়ানডের সেরা দলের শীর্ষ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। দুই রেটিং পয়েন্ট পেয়ে ওয়ানডেতে ইংল্যান্ডের ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছে ভারত। দলগুলোর ২০১৫-১৬ মৌসুমে খেলা সিরিজের ফলই মূলত এই র্যাংকিং গড়ায় বিবেচনা করা হয়েছে। এছাড়া ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মৌসুমে খেলা সিরিজগুলোর ফলাফলের ৫০ শতাংশ বিবেচনা করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ৬২টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৪৩টিতে জিতেছে ইংল্যান্ড। হেরেছে মাত্র ১৪টিতে। অন্যদিকে ভারত ৭০টি ম্যাচের মধ্যে জিতেছে ৪৯টিতে। হেরেছে ১৮টিতে। সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। যদিও, তাদের খেলা ৭১টি ওয়ানডের মধ্যে হার ৪৯টি। জয় মাত্র ১৭টি।

টেস্ট ও ওয়ানডে - দুই ফরম্যাটে নিজেদের অবস্থান ধরে রাখলেও মোট সাত পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। টেস্টে ৩ ও ওয়ানডেতে ৪ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। টেস্টে নবম ও ওয়ানডেতে সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ।

 

ওয়ানডে র্যাংকিং

র্যাংকিং       দল          রেটিং পয়েন্ট

১                  ইংল্যান্ড                      ১২৩

২                  ভারত                         ১২১

৩                  দক্ষিণ আফ্রিকা             ১১৫

৪                  নিউজিল্যান্ড                 ১১৩

৫                  অস্ট্রেলিয়া                    ১০৯

৬                  পাকিস্তান                       ৯৬

৭                  বাংলাদেশ                     ৮৬

৮                  ওয়েস্ট ইন্ডিজ                 ৮০

৯                  শ্রীলঙ্কা                         ৭৬

১০                আফগানিস্তান                 ৬৪

১১                জিম্বাবুয়ে                      ৫৪

১২                আয়ারল্যান্ড                   ৪৬

১৩                স্কটল্যান্ড                       ৪০

১৪                নেপাল                          ১৯

১৫                আরব আমিরাত              ১০

১৬                পাপুয়া নিউ গিনি               ৬

* নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান ও যুক্তরাষ্ট্র ওয়ানডে স্ট্যাটাস পেলেও যথেষ্ট পরিমান ম্যাচ না খেলায় এখনো র্যাংকিংয়ে ঠাই পায়নি।