ক্যাম্পাসে ভালোবাসার রঙ

ভালোবাসা। হরেক রকম ভালোবাসা। তবে ক্যাম্পাসে ভালোবাসা যেন অন্যরকম। প্রিয় মানুষের সান্নিধ্যে থাকার নাম ভালোবাসা। একসঙ্গে পড়াশোনার নাম ভালোবাসা। ক্যাম্পাসকে ঘিরেই ভালোবাসার ঋতু বদলায়। স্বপ্নেরা ভিড় করে। প্রশ্রয় চায়। কৃষ্ণচূড়ার ডালে চড়ে ভালোবাসার জয়গান গায় ফাগুনের একটি দিন। ভালোবাসার ডালি সাজিয়ে বসে। হূদয়ের ভালোবাসা যেন শুধু একজনের জন্যই নয়। সারাদেশের মানুষের জন্যও যেন ভালোবাসার সূর্যোদয় ঘটে। এটাই সবার প্রত্যাশা। ক্যাম্পাসের ভালোবাসা নিয়েই এবারের আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের ইমন, রুপা ও জেসি বলেন, প্রতিটি দিনই প্রিয়জনকে ভালোবাসার। ভ্যালেন্টাইন্স ডে শুধু তরুণ-তরুণীদের প্রেমকে ঘিরেই নয়, বাবা-মা-ভাইবোন-বন্ধু সবাইকে নতুন করে ভালোবাসা জানানোও ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের অংশ। দনিয়া কলেজের ছাত্র শফিকুল ইসলাম শফিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে বর্ণিল ও আনন্দচ্ছটা জীবন। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে আসা অপরিচিত মুখগুলো একসময় সবার কাছে হয়ে ওঠে খুব চিরচেনা। দীর্ঘ সময়ের জন্য পরস্পরের মধ্যে গড়ে ওঠে নিবিড় বন্ধন। হাসি, ছন্দে আনন্দে, প্রেম বিরহে ভরপুর থাকে এ জীবনটা।’ সরকারি কবি নজরুল কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র ফজলুল করিম মিরাজ বলেন, ‘ছাত্রজীবনে প্রেমের চেয়ে বন্ধুত্বের মূল্য অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ে সহ-শিক্ষার ফলে এখানে ছেলে কিংবা মেয়ের মধ্যে বন্ধুত্বের কোন তফাত্ গড়ে ওঠে না। ফলে হাসি আড্ডা গানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হেসে-খেলে মুখরিত করেন আনন্দের হাটবাজার।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র রাতুল মীর বলেন, ‘ভালোবাসার সূর্যোদয় ফাগুনের কৃষ্ণচূড়া আর কৃষ্ণচূড়ার আকাশে উজ্জ্বল স্বপ্নগুলো। ক্যাম্পাসের স্বপ্নগুলো আঁকড়ে ধরে একই বাঁধনে বেঁধেছে ভালোবাসার বন্ধন। ক্লাসের পড়াশোনা থেকে শুরু করে ক্যান্টিনের আড্ডা, চায়ের কাপের ধোঁয়া, নোট-ক্লাস লেকচার শিক্ষকের স্নেহ, সবকিছুর মধ্যেই ভালোবাসার স্পর্শ।’ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী সানজিদা শান্তা বলেন, ‘ভালো লাগা। হঠাত্ নীরবতা। গোপনীয়তা। সবকিছুকে রঙিন মনে হওয়া। মনে হলে ছুটে চলে যাওয়া। প্রেমটা মনে হয় কিছুটা এ রকম। এই পৃথিবীতে প্রেমই শাশ্বত। পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া বিরল, যার জীবনে একবারও প্রেম আসেনি। প্রেম অন্ধ মনকে করে আলোকিত।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান, আরিফ, শাহ পরান বলেন, ‘একমাত্র প্রেম নিয়ে যুগে যুগে কালের বুকে রচিত হয়েছে প্রেমকাব্য পৃষ্ঠার পর পৃষ্ঠা। শিল্পীর তুলিতে নানান রঙে-ঢঙে অঙ্কিত হয়েছে প্রতিকৃতি, কবির লেখনীতে কবিতা আর ঔপন্যাসিকের লেখনীতে উপন্যাস। ক্যাম্পাসের প্রেমগুলো আসলেই অনেক মজার।’ একই বিশ্ববিদ্যালয়ের শারমিন সুলতানা ও সৌরভ বলেন, ‘প্রেমিকার জন্য বাসে আসন রাখা, হ্যান্ডনোট তৈরি করে দেয়া, সিট ফটোকপি করে দেয়া, ফুচকা খেয়ে বিলটা দেয়া, রিক্সা ভাড়া দেয়া— এই হচ্ছে প্রেম।’ এই বিশ্ববিদ্যালয়ের আলোচিত জুটি শরীফ ও ঐশী বলেন, ‘প্রেম আসলেই শাশ্বত। সবার জীবনে আসবেই। কেউ প্রকাশ করে কেউ করে না। কেউ প্রেম করে, আবার কেউ প্রেমে পড়ে বন্ধুত্বের দোহাই দিয়ে জ্বলে-পুড়ে মরে। এভাইে প্রেম আসে। আর প্রেম হয় গোপনে।’