ক্যা ম্পা স ডা য়ে রি

আমি থাকি অপেক্ষায়...

ভালোবাসারও নাকি কেমিস্ট্র আছে। ক্রিয়া-বিক্রিয়া, পরিস্রাবণ-ছাঁকন আরও কত কি। জারণ-বিজারণও নেহাত্ কম নয়। এভারেস্টের মত আইসফলও আছে। পা পিছলালে নিশ্চিত মৃত্যুর শীতল স্পর্শ এর সাথে আলিঙ্গন। যোজন যোজন দূরত্বে হারিয়ে যাওয়ার ভয়। না, মৃত্যুর এত দু:সাহস নেই আমার বক্ষ পিঞ্জর থেকে তোমাকে ছিনিয়ে নেয়ার। নির্ঘুম রাতের সাথে চোখের বারিধারার সখ্যতা বেশ জমে উঠেছে। এসব এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। হূদয় অন্ত:পুরে রক্তক্ষরণ হচ্ছে নি:শব্দে। রক্তক্ষরণ থামাতে পরাস্ত অনুচক্রিকা। সিগারেটের নিকোটিন হয়ত ক্ষণিকের জন্য অশান্ত মনকে সাত্ত্বনা দেয়ার ব্যর্থ চেষ্টা করে চলছে। ভালোই বন্ধুত্ব হয়েছে তামাকের আগুনের ফুলকির সাথে। তুমি কিন্তু কিছু মনে কর না। মনে করবেই বা কেন ? এসবের জন্য তুমি কোনভাবে দায়ী নও। অসহায়ত্ব ও ভাগ্যের নিমর্মতা আমার দুর্বল জায়গায় ভোঁতা জং ধরা ছুরি দিয়ে খোঁচিয়েছে। তবুও হূদয়ের বাম প্রকোষ্ঠে তুমি আছ। মাইক্রো-মিলি সেকেন্ডের জন্য ভুলিনি তোমাকে। ঐ দূর গগনের চাঁদের বুকে তোমার মায়াবী মুখ খানি দেখি। আর ভাবি ফেলে আসা দিনগুলোর কথা। মিথ্যে বাহানা নিয়ে তোমার বাসায় যাওয়া, তোমার প্রায় মৃত কম্পিউটারকে প্রাণ দেয়ার ব্যর্থ চেষ্টা, প্রতিদিন একটা করে উপন্যাসের বই তোমার হাতে দিয়ে আসা। আকাশী রংয়ের টি-শার্ট পড়ে গোধূলি লগ্নে পিচঢালা রোডে পাশাপাশি হেঁটে বেড়ানো। মুহসিন কলেজের মেহগনি বৃক্ষের নিচে দাঁড়িয়ে তোমার মুখ থেকে “ভালোবাসি তোমায় ” কথাটি শোনার জন্য জোরালো চেষ্টা। মনে আছে তোমার বর্ষার যৌবনে একই ছাতার নিচে ঝড়ের সাথে দুইজনের তীব্র লড়াইয়ের কথা, বাড়ির ছাদের উপর মুষল ধারে বৃষ্টির মধ্যে ভিজে জ্বর, সর্দির ও মাথাব্যথা সাথে সখ্যতা করার কথা। মনে পড়ে তোমার পূজোর প্রসাদ নিয়ে আমার জন্য দরজার দাঁড়িয়ে অপেক্ষার কথা। মুঠোফোনে মধ্যরাতে কত স্বপ্ন দেখতাম, কখনও প্রাণখুলে হাসতাম, কখনও দুইজনের চোখের জলে বালিশের শিমুল তুলা ভিজিয়ে ফেলতাম আর কখনও বা একে অপরের হূদয়ের স্পন্দন শুনতাম। ঘন্টার পর ঘন্টার তুমি বারান্দায় দাঁড়িয়ে আর আমি ছাদের উপর থেকে মুঠোফোনে কথা বলতাম। মাঝে মাঝে মোবাইলের চার্জ ও নেটওর্য়াক আমাদের ভাব বিনিময়ে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতো। পূর্ণিমার সময় জ্যোস্নার আলোতে হারিয়ে যেতাম। আর তখন আমি অহংকার করে আকাশের দিকে তাকিয়ে বলতাম, তোমার মুখমন্ডলের আলোক ছটার কাছে চাঁদ অসহায় আত্মসর্ম্পণ করবে।