নবীন প্রবীণের প্রাণের মিলনমেলা

‘প্রথম পুনর্মিলনীর স্নিগ্ধতায়, সবুজের টানে ফিরে আয়’ এ আহ্বানে সারা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন নবীনরা মিলিত হয় মিলন মেলায়। ফিরে দেখা অতীত স্মৃতির দিনগুলো আর নবীনদের নব আগমন সব কিছু মিলে এটি ছিল এক আনন্দঘন পরিবেশ। চিরচেনা এ ক্যাম্পাস আমাদেরকে করেছে আবেগ আপ্লুত, তার মোহনী শক্তি এবং সবুজ চাদরে উদ্ভাসিত লাল সিরামিক সবাইকে মুক্তিযুদ্ধের চেতনাবোধে করেছে উদ্দীপ্ত। ১৯৯৮ সালে জীববিজ্ঞান অনুষদের অধীনে প্রতিষ্ঠিত হয় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। বিভাগটির ১৫ বছর অতিক্রম ও ১ম পুনর্মিলনী উপলক্ষে দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠানের সবচেয়ে আনন্দঘন ও উত্তেজনাকর মুহূর্ত ছিল ক্যাম্প-ফায়ারিং এ সময় শিক্ষার্থীরা নাচ, গান ও হাসি-আনন্দের মাধ্যমে মাতিয়ে তোলে ক্যাম্পাস। পুনর্মিলনীর দ্বিতীয় দিন ছিল বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান। তাদের স্মৃতিতে ধারণকৃত ক্যাম্পাসের দিনগুলোর বর্ণনা আর নবীনদের জন্য দিকনির্দেশনার মধ্য দিয়ে বেলা গড়িয়ে দ্বিপ্রহরে ধাবিত হয়। দুপুরের খাবার শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বালিশ খেলা, মার্বেল খেলা, মার্বেল চামচ দৌড়, হাড়ি ভাংগা, সুই সুতা দৌড় ও রশি টানাটানি খেলার মাধ্যমে খেলাধুলা পর্ব সমাপ্ত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যেই ইভেন্টটি সকলকে বেশি আনন্দিত করে তাহলো ঘেটু নাচ। সবমিলিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শককে মাতায়ারা করতে সক্ষম হয়। নবীন প্রাক্তনদের মিলন মেলা তাদের সেতুবন্ধন রচনায় এ আয়োজন ছিল সত্যিই চমত্কার। আনন্দ ব্যস্ততা কর্মচঞ্চলতা আর বিভিন্ন ইভেন্ট পেরিয়ে এক সময় কালের গর্ভে হারিয়ে যাওয়া দিনগুলোর সাথে যুক্ত হয় আরো ২দিন। তবে নবীন প্রবীণ সকলের কাছেই দিনটি অনেক অনেক স্মৃতিময় হয়ে থাকবে এটাই চিরসত্য।