শেয়ারবাজারে মূল্য সংশোধন

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারের সূচক বাড়ার পর গতকাল মূল্য সংশোধন হয়েছে। গত ৯ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক (ডিএসইএক্স) ৪ হাজার ১২৬ পয়েন্ট থেকে ৪ হাজার ২৭১ পয়েন্টে এসে দাঁড়ায়। এরমধ্যে একদিন ১০ পয়েন্ট কমলেও অবশিষ্ট কার্যদিবসগুলোতে সূচক ছিল ঊর্ধ্বমুখী। এদিকে গতকাল ডিএসইতে দর সংশোধন হয়ে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। সংশ্লিষ্টরা বাজারে লেনদেন বাড়ার গতিকে ইতিবাচক বলেই মনে করছেন। তারা বলছেন, বাজারে সূচকের ওঠানামা থাকবে, তবে লেনদেন কমে গেলে তা বাজারের ইতিবাচক নয়। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ২৪০ পয়েন্ট আর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৯৪ লাখ ৬৯ হাজার ৯৬৯ টাকা। যা আগের দিনের চেয়ে ১ কোটি ৯১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে ১১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাত বদল হয়েছে। জানা গেছে, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন যাচাই এবং কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে গতকাল ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ডিএসই। আর্থিক প্রতিবেদনে অসামঞ্জস্য তথ্য প্রদান এবং পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ সঠিক খাতে ঠিকভাবে ব্যবহার না করার কারণে ডিএসই’র পক্ষ থেকে এসব বিষয় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটি সদস্যরা হলেন ডিএসই’র জেনারেল ম্যানেজার জীবন চন্দ দাস এফসিএ, ডিজিএম মো. মনোয়ার হোসাইন এফসিএ, এজিএম নিজাম উদ্দিন আহমেদ, এজিএম ইশতিয়াক আহমেদ সোহাগ। এছাড়া বাকি ৪ জন সদস্যকে বিভিন্ন শাখা থেকে নেয়া হয়েছে। ডিএসইর পরিচালনা পরিষদে আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি ডিএসই’র পরিচালনা পরিষদে স্বতন্ত্র পরিচালক হিসাবে আইন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি অন্তর্তূক্ত হচ্ছেন। ডিএসইর ৭৩০ তম বোর্ড সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসইর পক্ষ থেকে অতিরিক্ত সচিব পদ মর্যাদার একজনকে পরিচালক পদে মনোনীত করার জন্য চিঠি দিয়ে অনুরোধ জানানো হলে আইন মন্ত্রণালয় তাতে সম্মতি দিয়েছে। জানা গেছে, অতিরিক্ত সচিব নাসরিন বেগমকে পরিচালক হিসাবে মনোনীত করে ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিএসইকে চিঠি পাঠানো হয়েছে। বিএসইসি’র অনুমোদন সাপেক্ষে নাসরিন বেগম ডিএসইর পরিচালক হিসাবে নিযুক্ত হবেন।