কাল থেকে শুরু তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৮
আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ২২তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে এ প্রদর্শনীতে অবকাঠামো, এনার্জি, বিমান, স্বাস্থ্য সেবা, পানি, ওষুধ, তেল-গ্যাস, সিমেন্ট, টেলিকম, খাদ্য ও পানীয়, কর্পোরেট ফাইনান্স এবং ক্যান্সার রোগ বিষয়ক আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। ৫৩টি প্রতিষ্ঠান ৯৫টি বুথে তাদের পণ্য প্রদর্শন করবে। গতকাল রাজধানীর একটি হোটেলে ট্রেড শো উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান অ্যামচেম প্রেসিডেন্ট আফতাব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক এ গফুর। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। ২০ টাকা প্রবেশমূল্য দিয়ে যে কেউ প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন। ছাত্র-ছাত্রীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।