মোবারক পতনের বর্ষপূর্তিতে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫২
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের উত্খাতের দ্বিতীয় বর্ষপূর্তিতে সোমবার রাজধানী কায়রোতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে এ দিনের সংঘর্ষে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরাও পাল্টা এর জবাবে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে।
পুলিশ জানায়, ওইদিন শত শত বিক্ষোভকারী হোসনি মোবারকের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হয়। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে। এক পর্যায়ে তারা প্রেসিডেন্ট প্রাসাদের খুব কাছাকাছি গেলে পুলিশ তাতে বাধা দেয়। এতে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা তখন ক্ষিপ্ত হয়ে বর্তমান প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধেও শ্লোগান দেয়। পরিস্থিতি ক্রমেই অবনতি হলে পুলিশ তখন উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ সময় বিরোধী গ্রুপগুলো মুরসির কাছে তাদের আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়নের আহবান জানান। বিক্ষোভকারীরা বলেন, যে আন্দোলনের ফসল হিসাবে আজ মুরসি ক্ষমতায় আছেন, তার একসময়ের নিষিদ্ব ঘোষিত ব্রাদারহুড জনসন্মুখে আসতে পেরেছে ,তাদের দাবি-দাওয়া যদি পূরণ না হয় তাহলে এ মুরসি সরকারের পতনও বেশি দূরে নয়। আমরা প্রয়োজনে মোবারকের মতো মুরসিকেও ছুঁড়ে ফেলে দিবো।
তাদের মূল দাবি সমূহের মধ্যে রয়েছে, নতুন ঐক্য সরকার গঠন, বিতর্কিত সংবিধানের সংশোধন এবং প্রসিকিউটর জেনারেলের পদত্যাগ প্রভৃতি। আন্দোলনরত একজন কর্মী জানান, বিগত সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক বিক্ষোভকারী নিহত হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব কেউই নিচ্ছে না। আমাদের দাবি এসব হত্যার বিচার করতে হবে। আন্দোলনকারীরা এ সময় ‘ব্রাদারহুডের শাসন নিপাত যাক’ বলে শ্লোগান দিতে থাকে। তারা বলেন, আমাদের আন্দোলনের প্রাণকেন্দ্র তাহরির স্কোয়ারকে প্রয়োজনে আবার আমারা আন্দোলনের ঝড় বইয়ে দেব। এর আগে বিক্ষোভকারীরা মধ্য কায়রোর সঙ্গে ট্রেন চলাচলে অবরোধ করে রাখে।