নীরবতা ভাঙ্গলেন লাদেনের হত্যাকারী নৌ কমান্ডো

আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যাকারী যুক্তরাষ্ট্রের নেভি সিল কমান্ডো সোমবার তার নীরবতা ভাংলেন। নিজের পরিচয় গোপন রেখে ঐ কমান্ডো এস্কোয়ার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাত্কারে ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদের ঐ বাড়িতে লাদেন হত্যা অভিযান নিয়ে এই প্রথম মুখ খুললেন। যদিও তিনি তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সিল কমান্ডো বলেন, লাদেনকে বিভ্রান্ত মনে হয়েছিল। আমি যেমনটা ভেবেছিলাম বাস্তবে তিনি তারচেয়েও লম্বা। সে রাতে তিনি লাদেনকে তিন তিনবার গুলি করেছিলেন বলে জানান। কমান্ডো বলেন, অ্যাবোটাবাদের ঐ বাড়ির তিনতলায় তিনি লাদেনকে দেখতে পান। ঐ সময় লাদেন দাঁড়িয়েছিলেন এবং তার হাত ছিল সবচেয়ে ছোট স্ত্রীর কাঁধে। লাদেন স্ত্রীকে সামনে এগিয়ে দেন। তাদের কাছেই ছিল একটি একে ৪৭ রাইফেল। তিনি বলেন, এর পরপরই আমি তার কপালে গুলি করি। তিনি তখন মেঝেতে পড়ে যান। এ সময় তাকে আমি আবারো গুলি করি। এরপর তিনি নিঃসাড় হয়ে পড়েন। তার মৃত্যু ঘটে।