মহালছড়ির লেমুছড়ি উচ্চ বিদ্যালয়ের ভগ্নদশা

মহালছড়ি উপজেলার লেমুছড়ি উচ্চ বিদ্যালয়—যে বিদ্যালয়ের নেই কোন ভালো ভবন। ভগ্নদশায় দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি। ১৯৭১ সালে স্থাপিত এই বিদ্যালয়টিতে বর্তমানে ভগ্নদশা বিরাজ করছে। বিদ্যালয়ে রয়েছে তিন বিভাগের ছাত্র। প্রয়োজন বিজ্ঞান ভবনসহ পুরাতন ভবনগুলো সংস্কার করা। ফার্নিচারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রয়োজনের তুলনায় অনেক কম। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৬৭ জন। কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় ফার্নিচার ও কক্ষ না থাকায় ছাত্র-ছাত্রীদের গাদাগাদি করে বসে থাকতে হয়। বিদ্যালয়ের একটি কক্ষ সংস্কারের অভাবে অকেজো অবস্থায় পড়ে আছে। এদিকে রাস্তার অবস্থাও খুব খারাপ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অসুবিধার দিক বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেছেন।