সরাইলে সন্ত্রাসী হামলার ভয়ে
বাড়িতে অফিস করছেন ইউপি চেয়ারম্যান
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
সন্ত্রাসী হামলার ভয়ে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম খোকন তার নিজ বাড়িতে থেকেই পরিষদের যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
গত সোমবার দুপুরে সরেজমিন শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে গিয়ে এ তথ্য জানা গেছে। পরিষদ সচিব মো. সুমন মিয়া জানান, ২৮ জানুয়ারি পরিষদের মাসিক সভা ও গত ৫ ফেব্রুয়ারি বিশেষ সভা চেয়ারম্যানের বাড়িতেই হয়েছে। তাছাড়া পরিষদের নানা কাজের কাগজপত্রে চেয়ারম্যান তার বাড়িতে বসেই স্বাক্ষর দিয়ে যাচ্ছেন। ইউপি সদস্য মো. নীল মিয়া জানান, সন্ত্রাসী হামলার ভয়ে চেয়ারম্যান পরিষদে আসছেন না।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে। পুলিশের তদন্ত শেষে আদালতে দেয়া অভিযোগপত্রে (চার্জশীট) আমার নাম বাদ দেয়া হয়। কিন্তু পরবর্তীতে একটি বিশেষ মহলের জোগসাজশে এ মামলায় আমাকে আসামি করে। বর্তমানে আমি জামিনে আছি। কিন্তু বাদির সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ধরনের হুমকি এবং হামলার ভয়ে আমাকে বাড়িতেই অফিস করতে হচ্ছে।