আলফাডাঙ্গায় স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ
আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চাহাটী কঠুরাকান্দী উচ্চ বিদ্যালয়ের নাম পরির্বতনের প্রতিবাদে গত সোমবার সকালে হাজার হাজার এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে এবং স্মারকলিপি প্রদান করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে জমায়েত হয়। এ সময় বিক্ষোভকারীরা বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য স্কুলের সভাপতি ও উপজেলা সভাপতি খান বেলায়েত হোসেনের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে। এ ছাড়া প্রধান শিক্ষক গোলাম রসুলের অপসারণ দাবি করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ মো. হারেছ উদ্দিন আহমেদ, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ. ওহাব পান্নু মিয়া, সাবেক ইউপি চেয়াম্যান মকিবুল হাসান পুটু মিয়া প্রমুখ। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করে।