গত বছর গ্রামীণফোনের আয় ৯ হাজার কোটি টাকা

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন গত বছর আয় করেছে ৯ হাজার ১৯০ কোটি টাকা, যা তার আগের বছরের চেয়ে ৩.২ শতাংশ বেশি। গত বছর রাজস্ব বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি এবং ননভয়েস সেবা (এসএমএস, ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবা) থেকে আয় বৃদ্ধি। হোলসেল বিজনেস ও গ্রামীণফোন আইটিও আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে, যা ভবিষ্যত্ মুনাফার একটি সম্ভাবনাময় সূচক বলে মনে করেন তারা। মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, ভারপ্রাপ্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা সৈয়দ তাহমিদ আজিজুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিবেক সুদ বলেন, আমাদের টুজি লাইসেন্স ১৫ বছরের জন্য নবায়িত হয়েছে। এর ফলে দেশের সমন্বিত উন্নয়নের জন্য মানসম্পন্ন টেলিফোন সেবা প্রদানে আমাদের নিরন্তর প্রচেষ্টার পথ তৈরি হয়েছে। অপারেটরদের কথা মাথায় রেখেই থ্রিজি’র গাইডলাইন চূড়ান্ত করার কথাও বলেন তিনি।