খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সঙ্গীত শিল্পী নিহত
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সংগীত শিল্পী মিনহাজ মহিউদ্দিন রাজন (২৫) নিহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, কিছুদিনের মধ্যে রাজনের গানের একটি অ্যালবাম প্রকাশ হওয়ার কথা ছিল।
খিলগাঁও থানা পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে রাজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বুকের বাম দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে কোনো মোবাইল ফোন বা মানিব্যাগও পাওয়া যায়নি। ছিনতাইকারীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।