জাতীয় দলে ইনজুরির মিছিল

দীর্ঘ ক্লান্তিকর মৌসুম, ঘরোয়া ক্রিকেট, বিদেশের লিগ; সব কিছুর প্রভাব পড়তে শুরু করেছে খেলোয়াড়দের শরীরে। দলের সেরা তারকা সাকিব আল হাসান আগে থেকেই ক্লান্তিজনিত ইনজুরিতে আক্রান্ত। এবার জাতীয় দলের সাতজন খেলোয়াড়ের ছোটখাটো ইনজুরি সনাক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তার দেবাশীষ চৌধুরী। বিসিবি থেকে জাতীয় দলের যে প্রাথমিক স্কোয়াড দেয়া হয়েছে সেই তালিকাতেই রয়েছেন এই খেলোয়াড়রা। এই খেলোয়াড়দের মধ্যে আছেন মুশফিক, তামিম, নাসির, মাশরাফির মতো তারকারা। নির্বাচক কমিটি শ্রীলংকা সফরের ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করবে আগামী ১৫ ফেব্রুয়ারি। ইতোমধ্যে তারা ১৮ সদস্যের একটি প্রাথমিক দল তৈরি করেছে। চিকিত্সক দেবাশীষ বলছেন, ইনজুরি আক্রান্তদের মধ্যে সেরা একাদশে নিয়মিত পাঁচ মুখও আছেন, ‘যাদের ছোটখাটো ইনজুরি রয়েছে আমরা গত দুইদিন তাদের পর্যবেক্ষণ করেছি। এদের মধ্যে সাতজন ক্রিকেটার রয়েছে যাদের একটু বিশ্রাম দিলে শ্রীলংকা সফরের আগে ফিট হতে পারবেন। আমরা বিসিবিকে বলেছি, তারাই সিদ্ধান্ত দিবেন’। যে সাতজন ক্রিকেটারকে সনাক্ত করা হয়েছে এদের মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান জিয়া, নাসির হোসেন, রুবেল হোসেন এবং সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলর অবশ্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, ইনজুরিযুক্ত খেলোয়াড়দের বিশ্রাম দেয়া উচিত। অন্তত জাতীয় স্বার্থের কথা চিন্তা করে এটা করা উচিত বলে মনে করে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে কাল পর্যন্ত বিসিবির কাছ থেকে খেলোয়াড়দের ইনজুরির বিষয়ে কোন চিঠি পায়নি ফ্রাঞ্চাইজি। সিলেট রয়েলসের অধিনায়ক মুশফিকুর রহিম। তার ইনজুরির কথা স্বীকার করে গত সোমবার তারা একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। গত ৭ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ইনজুরির কারণেই অধিনায়ক মুশফিক খেলেননি। কাল মুশফিকের ইনজুরির সত্যতা নিশ্চিত করে মিডিয়া ম্যানেজার শিকদার নিজামুল হক বলেন, ‘মুশফিকের ছোটখাটো ইনজুরি ছিল বলে তিনি মাঠে নামেননি। তবে সেটি মারাত্মক নয়’। জানা গেছে, ইনজুরির কারণে শুধু মুশফিক নন। শিবনারায়ণ চন্দরপল ও ডার্ক ন্যানসও ইনজুরির সমস্যায় ভুগছেন। তবে মুশফিকের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে নির্বাচক কমিটিকে। তার হ্যার্মাস্ট্রিংয়ে সমস্যা রয়েছে। বিসিবির শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘ফ্রাঞ্চাইজিদের উচিত জাতীয় স্বার্থের কথা চিন্তা করে খেলোয়াড়দের বিশ্রাম দেয়া । আমরা চাইব ফ্রাঞ্চাইজিরা যেন নির্দ্বিধায় এই সিদ্ধান্ত নেয়’। এদিকে এক ফ্রাঞ্চাইজির কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুকে বলেন, ‘আমাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় জাতীয় দলের কাউকে বিশ্রাম দিলে আমাদেরই ক্ষতি। তবে আমরা চাইব, যেন যতটুকু পারা যায়, তাকে বিশ্রাম দেয়া’। িবসিবির ডাক্তার অবশ্য বিকল্প ব্যবস্থাও রেখেছে। তিনি বলেন, ‘এমনও হতে পারে, যাদের ছোটখাটো ইনজুরি রয়েছে, তাদেরকে একটু বিশ্রামে রেখে অথবা খেলার মধ্যে একটু মাঠের বাইরে রেখে ফিজিওর শরণাপন্ন হওয়া যাবে। এখন বাকি সিদ্ধান্ত বিসিবিই নিবে’।