জাতীয় দলের ফিল্ডিং কোচ কোরি রিচার্ডস!
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
একসময় অস্ট্রেলিয়ার ভবিষ্যত্ বলে বিবেচনা করা হত তাকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের বছরই বাছাই একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে, পিউরা কাপে সর্বোচ্চ রান করে হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু সেই ফর্ম ধরে রাখতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট আর খেলাই হয়নি কোরি রিচার্ডসের। তবে সবকিছু ঠিক থাকলে হয়তো বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠের ড্রেসিংরুমে হাজির থাকতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার রিচার্ডস।
জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে কোরি রিচার্ডসকে নিয়োগ দেয়ার ব্যাপারটি গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নিশ্চিত করেছেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য বোর্ড সভাপতির জন্য অপেক্ষা করছেন এখন তারা। ধারণা করা যাচ্ছে, শ্রীলংকা সফরের আগেই ৩৭ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান দলের সাথে যোগ দেবেন। কোরি রিচার্ডের সাথে বিসিবি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হবে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বলেছেন, ‘তার সাথে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। এখন বোর্ড সভাপতির অনুমোদন হলেই তাকে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে।’ এর আগে ফিল্ডিং কোচ হিসেবে জাতীয় দলের সাবেক কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগ দেয়ার কথা থাকলেও বিসিবি বিদেশীদের উপরই ভরসা করছে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ৫৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা রিচার্ডসকে অভিষেকের পরপরই অস্ট্রেলিয়া জাতীয় দলের সম্ভাব্য তারকা বলতেন অনেকে। বিশ্লেষকরা বলেন মাইকেল ক্লার্কের আগে এনএসডব্লুর অন্যতম সেরা আবিষ্কার ছিলেন এই রিচার্ডস। প্রথম মৌসুমের দুরন্ত ফর্মের পর হঠাত্ই নিজেকে হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত রাজ্য দলে ঠাই না পেয়ে স্কটল্যান্ডের বিদেশী খেলোয়াড় হিসেবেও খেলেছেন অস্ট্রেলিয়া ‘এ’ এবং অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই খেলোয়াড়।