আরো দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ আজ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
পেশাদার ফুটবল লিগের বর্তমান পর্যায়ে এসে শিরোপা নিয়ে নিশ্চিত থাকতে পারছে না কোনো বড় দলই। এ অবস্থায় আজ আবার বড় দুটি ম্যাচ খেলতে মাঠে নামছে চারটি দল। প্রথম ম্যাচটি গোপালগঞ্জে বেলা তিনটায়—মুক্তিযোদ্ধা বনাম শেখ রাসেল, এক ঘন্টা পর ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী ও শেখ জামাল। এর মধ্যে আবাহনী, শেখ জামাল ও শেখ রাসেলই মূলত ছুটছে লিগ শিরোপার দিকে।
মোহামেডানের কাছে সর্বশেষ ম্যাচে হারায় শেখ রাসেলের বিরাট ক্ষতি হয়ে গেছে। শীর্ষে উঠে যাওয়ার সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা। বাকি দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে রয়েছে শেখ রাসেল। আজ গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বিপক্ষে জিতলে তবেই লড়াইয়ে নিজেদের ভালোমতো ধরে রাখতে পারবে রাসেল। কিন্তু তাদের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে স্ট্রাইকার মিঠুন চৌধুরি এবং মিডিফিল্ডার মামুনুল ইসলাম খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে।
আপাতত ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে শেখ জামাল। আর সমান ম্যাচে এক পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে আছে আবাহনী। ফলে এ দু’ দলের মধ্যে যেই জিতুক; এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে তারা। ড্র হলে এবং ওদিকে রাসেল জিতলে তিন দল পরস্পরের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে।
প্রথম পর্বে শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে এবং আবাহনী শেখ জামাল ম্যাচ গোল শূন্য ছিল।
আজকের খেলা ঃ
মুক্তিযোদ্ধা ঃ শেখ রাসেল (গোপালগঞ্জ, তিনটা)
আবাহনী ঃ শেখ জামাল
(বঙ্গবন্ধু স্টেডিয়াম, সাড়ে চারটা)