ফাঁসির দাবিতে নীরবতার বন্ধন

উঠে দাঁড়ালো বাংলাদেশ। নীরবতার শক্তি দেখল সারাবিশ্ব। গতকাল মঙ্গলবার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আহ্বানে তিন মিনিটের নীরবতা পালন কর্মসূচি সারাদেশে ব্যাপক সাড়া ফেলে। ঘড়ির কাটা চারটা ছোঁয়া মাত্রই যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবির প্রতি তাদের সংহতি প্রকাশ করেন। এদিকে গত কয়েকদিনের মতো গতকালও দেশের প্রায় প্রতিটি জেলা-উপজেলায় একই দাবিতে অবস্থান কর্মসূচি পালনের খবর দিয়েছেন ইত্তেফাক প্রতিনিধিরা। ময়মনসিংহ: বিকেল ৪টা বাজতেই জেলার সকল স্তরের মানুষ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এতে ময়মনসিংহ সদর আসনের এমপি অধ্যক্ষ মতিউর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। শেরপুর প্রতিনিধি : ৩ মিনিটের জন্য শেরপুর শহর স্তব্ধ হয়ে গিয়েছিল। স্থানীয় ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরাম শহরের নিউমার্কেট শহীদ আব্দুর রশীদ চত্বর, বঙ্গবন্ধু স্কোয়ার, শহীদ বুলবুল সড়ক, নতুন বাস টার্মিনাল মোড়ে বিকেল ৪টা থেকে ৪.০৩ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন, দোকান মালিক ও কর্মচারীগণ এবং সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ : দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে জেলায় ৩ মিনিট নীরবতা পালন করেছেন শত শত মানুষ। এছাড়া একই দাবিতে প্রতিদিনের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম : জেলার হাজার হাজার মানুষ সকল কর্মকাণ্ড বন্ধ করে নীরবতা কর্মসূচি পালন করেন। এসময় শহরের বিভিন্ন রাস্তায় যানবাহন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। এছাড়া মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দুপুরে মিছিল-সমাবেশ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের একাত্তর মঞ্চ থেকে একটি বিশাল গণজাগরণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুষ্টিয়া : জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা রাস্তায় দাঁড়িয়ে তিন মিনিট নীরবতা পালন করেন। এছাড়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে ফেস্টুন হাতে নিয়ে বিপুল সংখ্যক জনতা সমাবেশ করেন। চুয়াডাঙ্গা : জেলায় ৩ মিনিট নীরবতা কর্মসূচি পালিত হয়েছে। ঘড়িতে ৪টা বাজার সঙ্গে সঙ্গে সর্বস্তরের মানুষ নিজ নিজ প্রতিষ্ঠান, কার্যালয় ও বাড়ির সামনের রাস্তায় এসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। এদিকে জেলা শহরের শহীদ হাসান চত্বরে গতকালও অব্যাহতভাবে চলছে নতুন প্রজন্মের কর্মসূচি। রাবি : রাজাকারদের ফাঁসির দাবিতে বশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ‘গণমঞ্চে’ সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ। বেলা ১২টার দিকে ‘গণমঞ্চ’-এর ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় রাজাকারদের ফাঁসির দাবিতে স্লে¬াগানে স্লোগানে উত্তাল হয় পুরো ক্যাম্পাস। পরে বিকাল ৪টায় তিন মিনিটের নীরবতা কর্মসূচি পালন করা হয়। টুকিটাকি চত্বর থেকে মশাল মিছিল ও রাজাকারদের প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি ও মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। সাতক্ষীরা : সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে জেলায় মুক্তিযোদ্ধা সংসদ ও যুবলীগ, ছাত্রলীগ পৃথক মিছিল সমাবেশ করেছে। বিকেলে নীরবতা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সুনামগঞ্জ : যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ৩ মিনিট নীরবতা পালন কর্মসূচিতে হাজারও জনতার ঢল নামে। কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিকেল চারটার আগেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিছিল নিয়ে শহীদ মিনারে চলে আসেন। খুলনাঃ পূর্ব ঘোষিত কর্মসুচি অনুযায়ী গতকাল বিকাল ৪টায় খুলনা শহর তিন মিনিটের জন্য থমকে যায়। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জেলায় সর্বস্তরের মানুষ সংহতি প্রকাশ করে বিকাল ৪টা বাজার সাথে সাথে যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে তিন মিনিট নীরবতা পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলার সম্মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, ছাত্র-ছাত্রী ও খুবিতে আগত বিদেশি অতিথিবৃন্দ নীরবতা পালন করে একাত্মতা প্রকাশ করেন। প্রফেসর ড. সারোয়ার জাহান, প্রফেসর ড. আফরোজা পারভীন প্রমুখ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বরিশালঃ সারাদেশের সাথে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলও তিন মিনিটের জন্য থমকে দাঁড়িয়েছিল। যে যেখানে যে অবস্থানেই ছিলেন বিকাল চারটায় তিন মিনিটের জন্য সব কাজ ফেলে দাঁড়িয়ে গিয়েছিলেন। নগরীর একাত্তর মঞ্চের সম্মুখে একত্রিত হয়ে তিন মিনিটের নীরবতা কর্মসূচি পালন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র শওকত হোসেন হিরন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ব্যাংক, বীমা, সরকারি অফিস, আদালত, দোকানপাটসহ যে যেখানেই কর্মরত ছিলেন সেখানেই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দাঁড়িয়ে যান। যারা রাস্তায় ছিলেন, তারা সেখানেই পথচলা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। এমনকি গাড়ি চালকেরাও তিন মিনিটের জন্য গাড়ি থামিয়ে রেখেছিলেন। রাজশাহীঃ মঙ্গলবার তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল রাজশাহী। ঘড়ির কাঁটায় বিকাল ৪টা বাজতেই রাস্তায় দাঁড়িয়ে যায় গাড়ি। এমনকি পথচারি, রিকশা চালক, দোকানদার, সাংস্কৃতিক কর্মী, চাকরি ও পেশাজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার লোকজন যে যেখানে ছিলেন সেখানেই ৩ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া নগরীর বিনোদপুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কাজলা, তালাইমারী, ভদ্রা স্মৃতি অম্লান, পুরাতন বাসটার্মিনাল, শহীদ কামারুজ্জামান চত্বর, নগরভবন, লক্ষ্মীপুর, কোর্ট, সিএনডবি, রাজশাহী মেডিক্যাল কলেজ, সদর হাসপাতাল মোড়, রাজশাহী কলেজ চত্বর, মনিচত্বর, সাহেব বাজার, আলুপট্টি, অলকার মোড়সহ বিভিন্ন পয়েন্ট তিন মিনিটের জন্য থমকে যায়। এ যেন এক অন্যরকম রাজশাহী। বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরাসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ যার যার অবস্থান থেকে বেরিয়ে এসে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। সিরাজগঞ্জঃ যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবির প্রতি সংহতি প্রকাশ করে জেলায় তিন মিনিট নীরবতা কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস শাহজাদপুর বিসিক মোড়ে এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে মোহাম্মদ নাসিম বলেছেন, সারা দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে, বাঙলার মাটিতে আর রাজকারের ঠাঁই নেই। এ সময় তার সঙ্গে ছিলেন চয়ন ইসলাম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ। এছাড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ’র ব্যানারে শহরের ১২টি পয়েন্টে এবং কাজীপুর, বেলকুচি রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, কামারখন্দসহ জেলায় উপজেলায় এ কর্মসূচি পালিত হয়েছে। সিলেটঃ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে শত শত লোক নীরবতা কর্মসূচি পালন করেন। এছাড়া জেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস, আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় সর্বস্তরের মানুষ এই কর্মসূচি পালন করেন। যশোরঃ গণজাগরণ মঞ্চের আহ্বানে বিকাল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত যশোরে স্তব্ধতা কর্মসূচি পালিত হয়। শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, চিত্রা মোড়, চৌরাস্তা ও মনিহার চত্বরে নেমে এসে সর্বস্তরের মানুষ এ কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে যান। কর্মসূচি শুরুর আগে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিক ও আমরা যশোরবাসী’র আহ্বায়ক এডভোকেট কাজী আব্দুস শহীদ লাল। রংপুরঃ ৩ মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে রংপুর। এ সময় জেলার বিভিন্ন স্তরের মানুষ যে যার যার অবস্থান থেকে বেরিয়ে এসে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এদিকে বিকাল থেকে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠের সামনে তৈরি করা নতুন প্রজন্মের গণজাগরণ মঞ্চে সমবেত হতে থাকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। জাগরণী মঞ্চের সামনেই নির্মাণ করা হয় ফাঁসির মঞ্চ। নতুন প্রজন্মের তৈরি করা এই মঞ্চে রাজাকার কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধে আটক রাজাকারদের প্রতীকী ফাঁসি দেয়া হয়। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়। খাগড়াছড়িঃ বিকালে ঘড়ির কাঁটায় ৪টা বাজার সাথে সাথেই শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরের চারদিকে হাত ধরে দাঁড়িয়ে যান শত শত মানুষ। এর পর পরই মুক্তমঞ্চে শুরু হয় দেশপ্রেমের চেতনাসঞ্চারী মুক্তিযুদ্ধের কালজয়ী সব গান আর থেমে থেমে শ্লোগান। গতকাল এই আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৌরভ সিকদার ও সাবেক যুগ্ম-সচিব মুক্তিযোদ্ধা উক্যজেন মারমা। সমাবেশ শেষে যুদ্ধাপরাধীদের কুশপুত্তলিকা দাহ করে একটি মশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। কুমিল্লাঃ নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর ও টাউন হল মাঠের মুক্ত মঞ্চের সামনে তরুণ-তরুণী ও সাধারণ মানুষ নীরবতা কর্মসূচি পালন করেন। পরে তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিবাদী শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন গোটা নগরী। কাপাসিয়াঃ উপজেলার কাপাসিয়া বাজার, বাসস্ট্যান্ড, টোক নয়ন বাজার, ঘাঘটিয়া চালার বাজার, ত্রিমোহনীতে সর্বস্তরের জনতা ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি নীরবতা কর্মসূচি পালন করেন। এ সময় উপজেলার প্রধান সড়কে সকল প্রকার যানবাহন তিন মিনিটের জন্য থমকে ছিল। বাগেরহাট: জেলায় তিন মিনিটের নীরবতা কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শহরের বিভিন্ন মোড়ে যানবাহন থেমে যায়। দোকান-পাটে কেনাবেচা বন্ধ থাকে। বগুড়া :তিন মিনিটের জন্য শহরের প্রাণকেন্দ্র সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ার ঘিরে হাজার হাজার মানুষ এবং সেইসাথে পুরো শহরে দাঁড়িয়ে যায় জনতা। বিভিন্ন পরিবহন থেকে যাত্রীরা নেমে এসে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে। তিন মিনিটে জন্য নীরবতা পালন শেষে তরুণ প্রজন্মের নেতৃত্বে বের করা হয় বিশাল পতাকা মিছিল। মিছিলে নানা সাজে সজ্জিত নারী-পুরুষ ও শিশু-কিশোররা পতাকা হাতে অংশ নেন। এছাড়া কী দাবিতে সন্ধ্যায় সাতমাথা চত্বরে মোমবাতি ও মশাল প্রজ্বলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এবং দিনভর দেশাত্মবোধক বাউল গান পরিবেশিত হয় । নেত্রকোনা :মুক্তিযুদ্ধে শহীদ পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল বিকাল ৪টা থেকে ৪টা তিন মিনিট পর্যন্ত সারা নেত্রকোনা জেলা নীরব হয়ে যায়। যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে যান। বিভিন্ন যানবাহন সড়কে লোকজনের নীরবতা দেখে থমকে যায় নেমে আসেন যাত্রীরা। নেত্রকোনা সদর, শ্যামগঞ্জ বাজার, কেন্দুয়া পূর্বধলা, বারহাট্টাসহ নোটা জেলায় এই কর্মসূচি পালিত হয়। কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) :জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের জিরোপয়েন্টে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় গণজমায়েত, ৩ মিনিটের নীরবতা পালন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মানুষ। দুমকি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাগেরহাট : দুপুরে মোল্লাহাট মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : কাদের মোল্লার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন আশুগঞ্জের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। উপজেলায় সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। বিকেলে বাঞ্ছারামপুর উপজেলায় বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী, বাঞ্ছারামপুর তরুণ প্রজন্ম ও গণকবি পরিষদ মিছিল, প্রতিবাদ সভা, কুশপুত্তলিকা দাহ ও অবস্থান কর্মসূচি পালন করে। ধামরাই প্রতিনিধি : যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং ঘাতক দালাল নির্মূলের দাবিতে নতুন প্রজন্মের উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর মাঠে গণজাগরণী মঞ্চ তৈরি করা হয়েছে। উন্মুক্ত এই মঞ্চে গণসংগীত, দেশাত্মবোধক গান পরিবেশন করা হচ্ছে। স্বরূপকাঠি (পিরোজপুর) : উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিন মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। মির্জাপুর (টাঙ্গাইল) : উপজেলার কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রী ও শিক্ষকরা বিকেল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত বিভিন্ন প্লেকার্ড নিয়ে নীরবতা পালন করেন। এছাড়া মির্জাপুরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষ নীরবতা পালন করে রাজাকারদের ফাঁসির দাবি জানিয়েছেন। কচুয়া (চাঁদপুর) : শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণীর মানুষ বিকাল ৪ টায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নীরবতা কর্মসূচি পালন করেন। জয়পুরহাট ঃ অন্যতম যুদ্ধাপরাধী আব্দুল আলিমের শহর জয়পুরহাটে নীরবতা কর্মসূচি পালিত হয়েছে। এসময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানালো সর্বস্তরের জনগণ। বরগুনা (উত্তর) ঃ ঘড়ির কাঁটায় বিকেল চারটা বাজা মাত্র স্তব্ধ হয়ে যায় গোটা জেলা। তিন মিনিট অতিবাহিত হওয়ার পর রাজাকারদের ফাঁসির দাবিতে বাজার সড়কের বন্দর ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এদিকে গত সাত দিন ধরে বরগুনা বন্দর ক্লাব চত্বরে নতুন প্রজন্মের ব্যানারে রাজাকারদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। দিনাজপুর ঃ জেলার অগণিত মানুষ দাঁড়িয়ে ৩ মিনিটের নীরবতা কর্মসূচি পালন করেছে। কর্মসূচি শেষে মুক্তিযুদ্ধের চেতনার স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। ফরিদপুর ঃ ৩ মিনিটের জন্য থেমে গিয়েছিল ফরিদপুরের স্বাভাবিক কার্যক্রম। রাজাকারদের ফাঁসির দাবিতে মুহুর্মুহু স্লোগানে কম্পিত ইমামউদ্দিন স্কয়ার ও এর আশেপাশের এলাকা ৪টা বাজতেই একেবারে নীরব হয়ে যায়। এসময় পথচারীসহ আশপাশের ব্যবসায়ীরাও ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে এসে দাঁড়িয়ে নীরবতা প্রকাশ করে। এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গোপালগঞ্জ : জেলার প্রত্যন্ত গ্রামে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। তিনি বিকেলে কাশিয়ানী উপজেলার রাজপাট চৌরঙ্গীতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে কাদের মোল্ল¬ার কুশপত্তালিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এদিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে। এছাড়া সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে একই দাবিতে বিক্ষোভ করে। এর আগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩ মিনিটের জন্য থমকে যায় গোটা জেলা। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিশোরগঞ্জ :যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের জন্য গোটা শহর -- তিন মিনিটের স্তব্দ হয়ে পড়ে। যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে পড়ে। এই সময় শহরে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। পরে রঙমহল সিনেমা হল সংলগ্ন বাঙালি চেতনা মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ: বিকাল ৪টা বাজার সঙ্গে সঙ্গে শহরের গণজাগরণ মঞ্চের সামনে পায়রা চত্বর ঘিরে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে যায় বিপুল সংখ্যক জনতা। এ সময় শহরে রিকশা-ভ্যান চালকসহ বিভিন্ন যানবাহন স্ব-স্ব অবস্থানে দাঁড়িয়ে এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে। মুন্সীগঞ্জ: শহরের শিল্পকলা একাডেমী এলাকায় শত শত মানুষ একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন। টাঙ্গাইল: শহরের শহীদ মিনার চত্বর ও নিরালা মোড়ে তিন মিনিটের নীরবতা কর্মসূচি পালন করা হয়। উপজেলা শহরগুলোতেও এ কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালী: মাইজদীর মুক্ত মঞ্চের প্রধান সড়কে গণজাগরণ মঞ্চের ব্যানারে তিন মিনিট নীরবতা পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বাকৃবি ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য বিজয় ’৭১-এ স্থাপিত গণজাগরণ মঞ্চে গতকাল মঙ্গলবার নীরবতা পালন কর্মসূচি পালিত হয়েছে। এতে বাকৃবি উপাচার্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ রফিকুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, পাশ্ববর্তী এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। হাতিয়ায় এমপি ফজলুল আজিমের কুশপুত্তলিকা দাহ হাতিয়া সংবাদদাতা ঃ নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম গত রবিবার জাতীয় সংসদে শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে কটূক্তি করায় গতকাল মঙ্গলবার সকালে হাতিয়া উপজেলা সদরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলশেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা যুবলীগের আহবায়ক শাহআজিজুর রহমান মিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা আজিম এমপির বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন। পরে এমপির কুশপুত্তলিকা পোড়ানো হয়।