ঠাকুরগাঁওয়ে ৭১’র বিধবাদের অবস্থান কর্মসূচি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৭
কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের অপরাজেয় ৭১-এর পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন একাত্তরে গণহত্যায় নিহতদের বিধবা স্ত্রীরা। মঙ্গলবার দুপুরে নাগরিক কমিটির আহ্বানে সদর উপজেলার জাঠিভাঙ্গা, গড়েয়া এলাকা থেকে শতাধিক বিধবা অপরাজেয় ৭১-এর পাদদেশে মিলিত হন এবং কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহ্বায়ক ডা. শেখ ফরিদ, ইএসডিও এনজিও-এর নির্বাহী পরিচালক ড. শহীদ- উজ-জামান, সিপিবি সভাপতি সৈয়দ মেরাজুল হোসেন, সাংবাদিক আব্দুল লতিফ। পরে বিধবারা শোভাযাত্রা বের করেন এবং শহরের চৌরাস্তায় আধাঘণ্টা সড়ক অবরোধ করেন।
১৯৭১ সালের ১৭ এপ্রিল সদর উপজেলার গড়েয়া, জগন্নাথপুরসহ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ পাকবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে ভারতের অভিমুখে রওনা দেন। পথে জাঠিভাঙ্গা নামক স্থানে এদেশীয় রাজাকাররা প্রায় ৩ হাজার লোককে আটক করে এবং পাকবাহিনীর হাতে তুলে দেয়। পাকবাহিনীর গুলিতে ৫ শতাধিক পুরুষ নিহত হন।