তৃণমূল মানুষের পাশে দাঁড়ান
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একটি ঐতিহ্যবাহী সুশৃংখল সংগঠন। এ বাহিনীর ৫৯ লাখেরও বেশি সদস্য গ্রামগঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে চলেছেন। বাহিনীর প্রায় অর্ধেক সদস্য মহিলা। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা সদস্যরা বিভিন্ন অর্থকরী কাজে নিজেদের সম্পৃক্ত করে পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি সদস্যদের তৃণমূল মানুষের পাশে দাঁড়িয়ে অধিকতর নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, আনসার ও ভিডিপির মতো প্রান্তিক পর্যায় পর্যন্ত সংস্থা খুব বেশি নেই। তাই তৃণমূল মানুষের পাশে আপনাদের দাঁড়াতে হবে। কারণ তাদের এগিয়ে নিয়ে যাবার মতো ব্যাপক জনবল আছে এ বাহিনীর।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী একটি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিমউদ্দীন পিএসসি, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমদ।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে মোটর শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানস্থল এসে পৌঁছলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী একটি সবুজ রংয়ের খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন। এসময় প্যারেড কমান্ডার মো. হিরা পারভেজ তার সঙ্গে ছিলেন। অনুষ্ঠান চলাকালে ৫৭০ জন আনসার সদস্য সমন্বয়ে গঠিত একটি টিম প্যারেড স্কয়ারের দক্ষিণ-পশ্চিম গ্যালারিতে চমত্কার ডিসপ্লে প্রদর্শন করেন। অনুষ্ঠানে আইন-শৃংখলা রক্ষায় ও সেবায় বিশেষ কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ৭৮ জন আনসার ও ভিডিপি সদস্যকে বাংলাদেশ আনসার পদক ও রাষ্ট্রপতি আনসার পদক প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমি অঙ্গীভূত আনসারদের ন্যূনতম দৈনিক ভাতা ১৮০ টাকা থেকে বাড়িয়ে ২৩৪ টাকা এবং প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি করেছি। ইউনিয়ন দলনেতা ও নেত্রীদের মাসিক সম্মানী ভাতা ৫০ ভাগ বাড়িয়েছি। সরকারের সীমাবদ্ধতা সত্ত্বেও সম্মানী ভাতা আরো বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন। নতুন চারটি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাবও সরকার আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে।