সাত মাসে পৌনে আট হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩১
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) কৃষিঋণ বিতরণের পরিমাণ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এসময়ে এক হাজার ৪৮ কোটি টাকা বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে সাত হাজার ৭২৩ কোটি ৫৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ হয়েছে। যা চলতি বছরের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫৪ দশমিক ৬৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ব্যাংকগুলো ছয় হাজার ৬৭৫ কোটি ৩৬ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করেছিল। যা ছিল লক্ষ্যমাত্রার ৪৮ দশমিক ৩৭ শতাংশ।
জানা গেছে, চলতি অর্থবছরের জন্য ব্যাংকগুলো কৃষি খাতে ১৪ হাজার ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যমাত্রার বিপরীতে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ছয়টি ব্যাংক মিলে ঋণ বিতরণ করেছে চার হাজার ৫৩২ কোটি ৪৭ লাখ টাকা। এ সময় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকগুলো একত্রে এ খাতে তিন হাজার ১৯১ কোটি ১২ লাখ টাকা বিতরণ করেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক অশোক কুমার দে বলেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের যৌথ উদ্যোগের কারণে কৃষিঋণ বিতরণ বেড়েছে। আর এসব ঋণ যাতে কৃষকের জন্য প্রকৃত অর্থে উপকারে আসে সেদিকেও নজর রাখছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত কৃষকরা ঋণ পাওয়ায় এবং উত্পাদনশীল খাতে ঋণ যাওয়ার কারণে ঋণের আদায় বেড়েছে বলেও দাবি করেন তিনি।