ভারতে মেডিক্যালে অটিজম পড়ানোর প্রস্তাব

মেডিক্যালের পাঠ্যসূচিতে অটিজম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার। সোমবার নয়াদিল্লিতে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্কের (এসএএএন) প্রথম সম্মেলনে ভারত সরকারের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেয়া হয়। দেশটিতে প্রায় ৮০ লাখ অটিস্টিক শিশু রয়েছে।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। অটিজম আক্রান্ত শিশুর স্নায়ুবিক বিকাশ ব্যাহত হওয়ার কারণ সম্পর্কে ভালোভাবে জানা-বোঝার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্মেলনে ভারতের কেন্দ্রীয় সরকার আন্ডারগ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল পাঠ্যসূচিতে অটিজম বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করতে দেশটির মেডিক্যাল কাউন্সিলের (এমসিআই) প্রতি আহ্বান জানায়।” ভারতে মেডিক্যালের পাঠ্যসূচিতে অটিজম অন্তর্ভুক্ত করা হলে এই অঞ্চলে এ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষক। তাদের মতে ভারতের পথ ধরে অন্যান্য দেশেও মেডিক্যালের পাঠ্যসূচিতে তা অন্তর্ভুক্ত করা হতে পারে। ২০১১ সালের জুলাইয়ে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলনে আটটি দেশের সমন্বয়ে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক আত্মপ্রকাশ করে। এই নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রগুলো হলো—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার ও পূর্ব তিমুর।