থাই সেনা ঘাঁটিতে হামলা ১৯ জঙ্গি নিহত
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
থাইল্যান্ডের অশান্ত দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৯ জন হামলাকারী নিহত হয়েছে। তবে এতে সেনা হতাহতের মত কোন ঘটনা ঘটেনি। গতকাল বুধবার সামরিক বাহিনোত্র বার্তা সংস্থা এএফপিকে একথা জানায়।
দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল প্রমোট প্রোমিন জানায়, কয়েকশ’ সশস্ত্র জঙ্গি সেনা ঘাঁটিতে অতর্কিত আক্রমণ করে। এসময় সেখানে ৬০ জন নৌ সেনা অবস্থান করছিল। এতে ১৯ জন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। এ অঞ্চলটিতে গত কয়েক বছরের মধ্যে এটাই ছিল অন্যতম একটি সহিংসতার ঘটনা বলেও জানান তিনি। তবে সামরিক বাহিনীর কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। মুসলিম নিয়ন্ত্রিত নারাথিয়া প্রদেশের বাচো জেলায় অবস্থিত এ ঘাঁটিটি। প্রমিন আরো বলেন, এ ঘটনাটি আমাদের শিক্ষা দিয়েছে। তবে আমরা আমাদের ক্যাম্প আর সৈন্যদের নিরাপদ রাখতে সক্ষম হয়েছি। এ সংঘর্ষের ঘটনায় বিদ্রোহীদের স্থানীয় প্রধান নেতা নিহত হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে স্বায়ত্তশাসনের দাবিতে ২০০৪ সাল থেকে এ অঞ্চলে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। বৌদ্ধ ও মুসলিমদের সংঘর্ষে এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিচ্ছিন্নতাবাদিরা নিয়মিতই হামলা চালিয়ে থাকে। সচরাচর তারা রাস্তার পাশে পেতে রাখা বোমা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ওদিকে রবিবার ইয়ালায় সন্দেহভাজন জঙ্গিদের রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়।