লেখক হচ্ছেন ল্যাম্পার্ড!

এবার বল ছেড়ে খাতা-কলমের সঙ্গে বন্ধুত্ব করার চুক্তিতে স্বাক্ষর করেছেন ইংল্যান্ডের আন্তর্জাতিক তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। দীর্ঘশ্বাস নিয়ে চেলসি পর্ব শেষ করার আগে নতুন এই চুক্তি সম্পন্ন করলেন তিনি। চুক্তি অনুযায়ী পাঁচটি শিশুতোষ বই রচনা করবেন তিনি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। চলতি গ্রীষ্মেই চেলসির সঙ্গে ল্যাম্পার্ডের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ক্লাবটি তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি। নতুন কোন ক্লাবও তাকে আমন্ত্রণ জানায়নি। ৩৪ বছর বয়সী এ ফুটবল তারকা বলেন, তিনি তার সন্তানদের গল্পের বই পড়ে এ ধরনের বই রচনার ধারণা লাভ করেছেন। স্কুলপড়ুয়া ফ্রাঙ্কের এডভেঞ্চার নিয়েই গল্পগুলো রচিত হবে। তিনি বলেন, ‘আমার সন্তানদের গল্পের বই পড়ে আমি ফ্রাঙ্ক ও তার ম্যাজিক বল গল্পের ধারণাটি লাভ করি। ঘরে থাকা অবস্থায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে খেলাধুলা ও পড়াশুনা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নিজের এডভেঞ্চার ও ফুটবল ইতিহাস নিয়ে গল্প লিখব।’-বাসস