হাসপাতাল ছাড়লেন ভিয়া

বার্সেলোনা ফরোয়ার্ড ডেভিড ভিয়া কিডনি অপারেশনের পর হাসপাতাল ছেড়েছেন। গ্রানাডার বিরুদ্ধে আগামী শনিবারের লিগ ম্যাচেই তাকে আবারো মাঠে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। কিডনিতে পাথর জমায় অস্ত্রোপচারের জন্য গত সোমবার ভিয়া হাসপাতালে ভর্তি হন। বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী গতকাল বুধবারই ৩১ বছর বয়সী এ খেলোয়াড়ের অনুশীলনে যোগদানের কথা ছিল। কাতালানরা জানিয়েছে, সে কত দ্রুত শারীরিক সুস্থতা ফিরে পেতে পারে তার উপরেই নির্ভর করছে সে গ্রেনাডার বিরুদ্ধে খেলছে কি না। ২০১১ সালের ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপের সময়ে পা ভেঙ্গে যাওয়ার পর থেকে বার্সার মূল একাদশে জায়গা নিশ্চিত করার জন্য লড়তে হচ্ছে ভিয়াকে। লা লিগায় ১৫টি ম্যাচে মাঠে নেমে এ মৌসুমে এখনো পর্যন্ত করতে পেরেছেন মাত্র পাঁচটি গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে গোলের খাতা খুলতে পারেননি এখনো।