একমাত্র টি-টোয়েন্টিতে জিতল উইন্ডিজ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
ওপেনার জোনাথন চার্লসের ঝড়ো হাফ সেঞ্চুরি এবং কাইরন পোলার্ডের অলরাউন্ড নৈপুণ্যে ব্রিসবেনে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হলো ওয়েস্ট ইন্ডিজ ।
ক্যারিবীয়রা ২৭ রানে হারায় স্বাগতিকদের। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর গতকাল বুধবারের এ ম্যাচটি ছিল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য মান বাঁচানোর লড়াই। শেষ পর্যন্ত তাদেরকে আর একেবারে খালি হাতে ফিরতে হয়নি অস্ট্রেলিয়া থেকে। আর এতে বড় অবদান রাখেন জোনাথন চার্লস।
টসে জিতে ব্যাটিংয়ে নামার পরে উইন্ডিজকে দারুণ একটা সূচনা এনে দেন তিনি। দলীয় ১১ রানে ক্রিস গেইল বিদায় নিলেও মাত্রই গত ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক শতরানের দেখা পাওয়া এই ব্যাটসম্যানের হাত ধরে দলের রান বাড়তে থাকে তরতর করে। দলীয় ৯৯ রানে সাত-চার এবং এক-ছয়ে ৩৫ বলে ৫৭ রান করে আউট হন চার্লস। এরপরে ড্যারেন ব্রাভো এবং পোলার্ডসহ মিডল অর্ডারের অন্য সবার মিলিত চেষ্টায় ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১৯১/৬।
অজিরা বড় লক্ষ্যের তাড়ায় নেমে শন মার্শ এবং অ্যাডাম ভোজেসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালভাবেই এগোচ্ছিল। তবে মার্শ এবং ভোজেস দু’জনেই রান আউট হয়ে ফিরে গেলে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি আর কেউই। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৪ রানেই থেমে যেতে হয় জর্জ বেইলির দলকে। ব্যাট হাতে ২৬ রানের পাশাপাশি বল হাতেও সফল পোলার্ড ৩০ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ১৯১/৬ (২০ ওভার)। চার্লস ৫৭,ড্যারেন ব্রাভো ৩২; জেমস ফকনার ৩/২৮।
অস্ট্রেলিয়া: ১৬৪/৮ (২০ ওভার)। ভোজেস ৫১,হাডিন ২২;পোলার্ড ৩/৩০। ম্যান অফ দ্য ম্যাচ: কাইরন পোলার্ড
ফল:ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে জয়ী।