একাত্তরের মূর্তিতে দেশের বিরুদ্ধে জামায়াত

জাতীয় সংসদে মহজোটের সংসদ সদস্যরা বলেছেন, একাত্তরের মূর্তিতে আবির্ভূত স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির এখন অস্ত্র হাতে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই দেশজুড়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যুক্তিসঙ্গত। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় মহাজোটের সংসদ সদস্যরা এসব কথা বলেন। এমপিরা শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনকে জাতির দীর্ঘদিনের দাবি পূরণের আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন, গণজাগরণ মঞ্চের নতুন প্রজন্ম জাতিকে নতুন বিপ্লব ও আন্দোলনের পথ দেখাচ্ছে। তারা বলেন, এ আন্দোলনের পথ ধরেই মুক্তিযুদ্ধের ফসল একটি অসামপ্রদায়িক, শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। তরুণ সমাজের এ আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের রক্ষাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। নবম দিনে ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, ডা. মোজাম্মেল হোসেন, মকবুল হোসেন, এবিএম আনোয়ারুল হক, রআম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, ফরিদুল হক খান, শওকত আরা বেগম, আমেনা আহমেদ, হাবুিন্নাহার এবং মজিবুর রহমান আলোচনায় অংশগ্রহণ করেন।