বঙ্গবন্ধুর ভাস্কর্য চিরদিন অম্লান থাকবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাঙালি জাতিসত্তার প্রতীক হিসেবে চিরদিন অম্লান থাকবে। এটি বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য, সর্বোপরি সারাবিশ্বের মানুষের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ব্রোঞ্জের তৈরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের স্মারক চিহ্ন নতুন প্রজন্ম ও বিদেশি পর্যটকদের কাছে যুগ যুগ ধরে বাঙালির গৌরবগাথা হয়ে থাকবে। অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, এডিসি জেনারেল সিদ্দিকুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্করশিল্পী শ্যামল চৌধুরী, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ, মনোরঞ্জন ঘোষাল, আশরাফ উদাস, ফকির আলমগীর প্রমুখ। শিল্পী শ্যামল চৌধুরী এ ভাস্কর্য নির্মাণ করেন।