ঠাকুরগাঁও সরকারি স্কুল
কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৯
সদর উপজেলার সরকারি প্রাইমারি স্কুলে দপ্তরি-কাম-প্রহরী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। এই নিয়োগ বাতিল ও নির্বাচনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের নিয়োগ দেয়ার দাবিতে বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে চাকরি প্রার্থীরা।
চাকরি প্রার্থীদের পক্ষে আমিনুল ইসলাম অভিযোগ করে জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সদর উপজেলার ৬৩টি সরকারি প্রাইমারি স্কুলে দপ্তরি-কাম-প্রহরী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ বিধিমালা না মেনে তার পছন্দের লোকদের ওই পদে নিয়োগ দিয়েছেন। এদিকে ওই নিয়োগ বাতিলসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ৬ জন চাকরি প্রার্থী গত ২৮ জানুয়ারি ইউএনওকে বিবাদি করে ঠাকুরগাঁও সদর সিনিয়র সহকারী আদালতে মামলা দেন। তবে ইউএনও আবু সালেহ ওবায়দুল্লাহ বলেন, সঠিক প্রক্রিয়ায় নিয়োগ কার্যাদি সম্পূর্ণ হয়েছে।