সাতক্ষিরায় পুলিশের উপর হামলা
শিবির কর্মীদের নামে মামলা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১১
সাতক্ষীরায় মঙ্গলবার বিকালে জামায়াত-শিবির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ওসিসহ ১০ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ৫ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সাতক্ষীরা সদর, কালিগঞ্জ ও পাটকেলঘাটা থানায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে পৃথক ৫টি মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৪৪ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সাতক্ষীরা শহর থেকে ১৩ জন, কালিগঞ্জ থেকে ১০৫ জন, কলারোয়া থেকে ১০ জন, আশাশুনি থেকে ৫ জন, দেবহাটা ৭ জন এবং পাটকেলঘাটা থেকে ৪ জনকে আটক করে। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদর, কালিগঞ্জ ও পাটকেলঘাটা থানায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় জামায়াত-শিবির সমর্থকরা পুলিশের উপর হামলা চালিয়ে পাটকেলঘাটা থানার ওসি আক্তারুজ্জামানসহ কালিগঞ্জ ও সাতক্ষীরা সদর থানার ১০ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিআর শেল নিক্ষেপ করে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় ৩০০ জন, পাটকেলঘাটা থানায় ১০০ জন এবং সাতক্ষীরা সদর থানায় সাড়ে ৪ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।