ফতুল্লায় মা ও মেয়ে খুন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১২
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও ৪০ দিনের শিশুকে হত্যা করে পালিয়েছে স্বামী। দুইজনকেই গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গতকাল বুধবার সকাল ৮টায় উপজেলার পূর্ব রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার গৃহবধূর নাম ঝর্না বেগম (২০) ও তার ৪০ দিনের নবজাতক সাদিয়া। নিহত ঝর্না বেগমের মা কোহিনূর বেগম জানান, প্রায় ২ বছর আগে ঝর্না বেগমের সঙ্গে সাদেকুর রহমানের বিয়ে হয়। সাদেকুর একটি ট্রাকের হেলপারের কাজ শুরু করে। কয়েকদিন ধরেই ঝর্নার কাছে ৬০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিল সাদেকুর। টাকা না দেয়ায় ঝর্না বেগমকে মারধরও করা হয়। বুধবার সকালে ঘর বাইরে থেকে বন্ধ করে চলে যায় সাদেকুর রহমান। অনেকক্ষণ ধরে দরজা বন্ধ থাকায় আশেপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা দরজা খুলে দেখে ঝর্না বেগম ও তার মেয়ের লাশ পড়ে আছে।