রংপুরে সাড়ে পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হায় হায় কোম্পানি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
রংপুরে ২ হাজার গ্রাহকের সাড়ে ৫ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে ইউনিরুট ফাইন্যান্স এ্যান্ড কমার্স লিমিটেড নামের একটি হায় হায় কোম্পানি। গতকাল সোমবার বিক্ষুব্ধ গ্রাহকরা প্রতিষ্ঠানটির এজিএম এবং ম্যানেজারের বাসভবন ঘেরাও করে। পরে পুলিশ এবং এলাকাবাসীর আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০১০ সালে ইউনিরুট ফাইন্যান্স এ্যান্ড কমার্স নামে একটি কোম্পানি নগরীর পায়রা চত্বরে একটি অফিস খোলে। এরপর থেকে তারা সেখানে বিভিন্ন মানুষকে ৩ বছরে টাকা দ্বিগুণ লাভ হওয়ার প্রলোভন দেখায়। তাদের প্রলোভনে অল্প সময়ে অফিসটি জমজমাট হয়ে ওঠে। অনেকে অধিক লাভের আশায় বাড়ি-ঘর বন্ধক ও জমিজমা বিক্রি করে লাখ লাখ টাকা বিনিয়োগ করে। প্রায় ২ হাজার গ্রাহকের সাড়ে ৫ কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠানটির এমডি, এজিএম ও ম্যানেজার ৩ মাস আগে গা ঢাকা দেয়। সেই থেকে গ্রাহকরা কোম্পানির এমডি মোবারক হোসেন ভুঁইয়া, এজিএম মঞ্জুর হোসেন ও ম্যানেজার ওয়ালিউল্লাকে খুঁজে আসছিল।
এদিকে প্রতারণার শিকার উপস্থিত গ্রাহকদের মধ্যে গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের গওসুল আলমের ৬ লাখ, কামাল কাছনা এলাকার তৌফিকুর রহমান তুহিনের ৭ লাখ, মাহিগঞ্জের বশির উদ্দিনের ১৫ লাখ, একই এলাকার রাজিব হোসেনের ৫ লাখ, পায়রা চত্বরস্থ ব্যবসায়ী আব্দুর রহিমের ৭ লাখসহ বিভিন্ন জনের কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকা নিয়ে উধাও হয় এই প্রতিষ্ঠানটি।