উখিয়ায় পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
উখিয়ার উপকূলে পুলিশ ডাকাত ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এসময় পুলিশ আগ্নেয়াস্ত্র, কিরিচ, ছুরিসহ এক রোহিঙ্গা ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। গতকাল বুধবার ভোর রাতে ছেপটখালীর ঢালায় এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়া পালং ইউনিয়নের উপকূলীয় এলাকা ছেপটখালীর ঢালা নামক স্থানে সশস্ত্র ডাকাত দল এলজিইডি সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ রোহিঙ্গা ডাকাত মোঃ ছিদ্দিককে (৩০) আটক করে ও ডাকাতের ফেলে যাওয়া একটি রিভলবার, একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও ৪ টি কিরিচ উদ্ধার করে।