ভালুকায় বখাটেদের উত্পাত স্কুলে যেতে পারছে না ছাত্রীরা
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
ভালুকা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের সাম্প্রতিক সময়ে বখাটেদের উত্পাত বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীসহ শিল্প-কারখানার মহিলা শ্রমিকরা প্রায় সময় ইভটিজিংয়ের শিকার হচ্ছে। এ বিষয়ে অভিযোগ করেও কোনরকম প্রতিকার পাচ্ছে না বলে ভোক্তভোগীদের অভিযোগ।
অভিযোগে প্রকাশ, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভালুকা উপজেলার রাজৈ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী সকালে বাড়ি হতে বিদ্যালয়ে যাওয়ার পথে রাজৈ চৌরাবাড়ি সড়কে পৌঁছলে স্থানীয় বখাটে জামিল (১৬), শাহ সাদিকুর (১৭), রুমান মিয়া (১৬) জসিম (১৭) তার গতিরোধ করে তার সাথে অশালীন আচরণসহ কু-প্রস্তাব দেয় এবং এক পর্যায়ে বখাটেরা ছাত্রীটির উড়নায় টান দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। পরে পথচারীদের সহায়তায় মেয়েটি বিদ্যালয়ে চলে যায়।
একই বিদ্যালয়ে অধ্যয়নরত অন্য ছাত্রীরা জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় সময় বখাটেরা তাদেরকে উত্ত্যক্ত করে। এ ব্যাপারে অভিযোগ করেও তারা কোন প্রতিকার পাচ্ছে না।