ময়মনসিংহে জুয়েলার্স সমিতির ধর্মঘট

ময়মনসিংহের আলিম জুয়েলার্সে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে জুয়েলারি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের ২য় দিনে গতকাল বুধবার শহরে মৌন মিছিল ও সমাবেশ করেছে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। সমাবেশে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের জেলা সভাপতি মালিক এম হোসেন, সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, পবিত্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। মৌন মিছিলটি শহরের গাঙিনাপাড়, স্টেশন রোড, রামবাবু রোডসহ প্রধান সড়ক হয়ে শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে শেষ হয়। পরে এখানে সমাবেশে ব্যবসায়ীরা বলেন, বুধবার সন্ধ্যার মধ্যে দাবি আদায় না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। জুয়েলার্স সমিতির এই আন্দোলনের সঙ্গে এরই মধ্যে একাত্ম ঘোষণা করে ময়মনসিংহ ব্যবসায়ী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দেয়।