ঝিনাইদহে বিএনপি’র আশি নেতা-কর্মীর জামিন না-মঞ্জুর

ঝিনাইদহে ৮০ জন বিএনপি নেতা-কর্মীর জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. খুরশিদ আলম এ আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, ৯ ডিসেম্বর বিএনপি’র অবরোধ কর্মসূচি চলাকালে জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে পুলিশের উপর হামলা চালিয়ে ও একটি পুলিশ ভ্যান ভস্মিভূত করে অবরোধকারীরা। এ ঘটনায় শৈলকুপা থানার এস আই সুলতান আহমেদ বাদি হয়ে ১৪৫ জন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে দেড় হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে মামলা দায়ের করেন। এ মামলায় বুধবার ৮৪ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক বিএনপি’র সাবেক এমপি আব্দুল ওহাবসহ ৪ জনের জামিন মঞ্জুর করেন। বাকি ৮০ জনের জামিন না- মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।