সুন্দরবনে মাছের পরিবর্তে কাঁকড়া ধরছে জেলেরা
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
সরকারি ভাবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ করা হলেও সুন্দরবনের ভিতরে মাছ ধরার পাস নিয়ে জেলেরা ডিমলে কাঁকড়া ধরছে অবাধে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি,কদমতলা, কবাদক, কৈখালী ষ্টেশনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে জেলেরা মাছ ধরার পাশ নিয়ে ডিমলে কাঁকড়া ধরছে। গত সপ্তাহে সাতক্ষীরা রেঞ্জের ৪টি ষ্টেশন অফিস থেকে পায় ২ শতাধিক ক্ষুদ্র জেলেকে ১ সপ্তাহের জন্য সাদা মাছ ধরার পাশ ছাড়া হয়েছে বলে জানা যায়। কিন্তু মাছের পাসধারী জেলেদের অধিকাংশই কাঁকড়া ধরার উপকরণ সাথে নিয়ে গেছে বলে দেখা যায়। হরিনগর স্লুুইচ গেটের মুখ থেকে ৩২টি নৌকা মাছ ধরার নামে কাঁকড়া ধরার সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় প্রতিবেদক জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, কাঁকড়া ধরার পাস না দেয়ায় আমাদেরকে মাছ ধরার পাস নিয়ে বনে যেতে হচ্ছে। এজন্য নৌকা প্রতি ৫ শত টাকা উপরি দিতে হয়েছে। এছাড়া বনে আশপাশ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার জন্য অফিস থেকে চুক্তি করলে পাস লাগে না বলেও জানায়।