মুহঃ আসফ-উদ-দৌলা রেজার আজ মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫০
আজ ১৪ ফেব্রুয়ারি প্রখ্যাত সাংবাদিক ‘দৈনিক ইত্তেফাকে’র বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক মুহঃ আসফ-উদ-দৌলা রেজার ৩০তম মৃত্যুবার্ষিকী। দেশ-হিতৈষী গণমুখী ও নির্ভীক সাংবাদিকতা এবং নৈতিকতা ও সততার ক্ষেত্রে তিনি নতুন উদাহরণ সৃষ্টি করে গেছেন। বেতার ও টেলিভিশনের খ্যাতিমান ব্রডকাস্টার আসফ-উদ-দৌলা রেজা সাংবাদিকতার পাশাপাশি তার সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য স্মরণীয় হয়ে রয়েছেন। ইলেক্ট্রনিক মিডিয়ায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ষাটের দশকে তদানীন্তন পাকিস্তানে তাকে ‘ন্যাশনাল ব্রডকাস্টার’ ঘোষণা করা হয়।
বাংলাদেশ টেলিভিশন তার স্মরণে আজ সন্ধ্যায় বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার আজ মরহুমের জীবন ও কর্মকাণ্ডের উপর বিশেষ কার্যক্রম প্রচার করবে। মরহুমের পরিবারের তরফ থেকে আজ বনশ্রী, রামপুরায় কোরআন খতম ও দোয়া মাহফিল হবে। রাজধানীতে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে প্রভাতী ও দিবা শাখার ছাত্র-ছাত্রীদের সমাবেশে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গ ফেডারেল সাংবাদিক পরিষদের উদ্যোগে শিবগঞ্জ প্রেসক্লাবে সকাল ১০টায় আলোচনা সভা হবে। সিরাজগঞ্জে আজ সন্ধ্যায় আলোচনা সভা হবে। শেরপুরে আসফ-উদ-দৌলা স্মৃতি সংসদ ও শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে সন্ধ্যা ৬টায় আলোচনা সভা হবে। চান্দাইকোনা হাইস্কুল ও সীমাবাড়ী ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক আলোচনা সভা হবে। আজ মরহুমের সমাধিস্থল পারিবারিক কবরস্থান সংলগ্ন ধনকুন্ডি ‘মাণিক-মঞ্জিল’ জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল হবে। আজ সিরাজগঞ্জের ‘বাণীকুঞ্জে’ সৈয়দ ইসমাঈল হোসেন শিরাজীর মাজার প্রাঙ্গণে বাদ আছর মিলাদ মাহফিল হবে।