সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫০
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল বুধবার বিবৃতিতে বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধী অভিহিত করে বিচারের প্রতিবাদে, ন্যায় বিচার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং দেশ থেকে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র প্রতিহত করতে পল্টন মোড়ে গণজমায়েতের ঘোষণা প্রদান করা হয়েছিল। কিন্তু সকাল থেকেই হাজার হাজার পুলিশ পল্টন এলাকা ঘিরে রাখে। পুলিশ জনতাকে সমাবেশ করতে না দিয়ে বেআইনীভাবে তাদের উপর হামলা চালাতে থাকে। পুলিশের গুলিবর্ষণে শতাধিক লোক আহত হয়েছে। পুলিশ পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় রণক্ষেত্রে পরিণত করেছে। গ্রেফতার করেছে ৪ শতাধিক লোককে । তিনি বলেন, সরকারের অর্থ ও পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বেআইনীভাবে মহাজোট সরকার ও মহাজোটের শরীকগণ পরিকল্পিতভাবে শাহবাগে সমাবেশ করে ইসলামী আদর্শ, ইসলামী দল ও ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বিষোদগারপূর্ণ উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করছে। একতরফাভাবে শাহবাগে সরকারের পৃষ্ঠপোষকতায় ফ্যাসিবাদী তাণ্ডব সৃষ্টির উন্মাদনা চলছে। সরকারের বক্তব্যে বুঝা যাচ্ছে যুদ্ধাপরাধের বিচারের নামে তারা জামায়াত নেতাদের হত্যা করতে চায়। আইন সংশোধন করেও যখন তারা চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি তখন তারা আবারও আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। সরকার তার উদ্দেশ্য সাধনের জন্য আদালতকে ব্যবহার করছে মাত্র। জনগণ সরকারের এ চক্রান্ত কিছুতেই বাস্তবায়ন হতে দেবে না। বৃহত্ কর্মসূচির মাধ্যমে সরকারকে আমাদের দাবি মানতে বাধ্য করা হবে।