বিএম কলেজ অধ্যক্ষের ওপর হামলা
৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ মেয়রের
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫১
সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) অধ্যক্ষ প্রফেসর শংকর চন্দ্র দত্তের ওপর হামলার ঘটনায় ৪ জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন।
অধ্যক্ষের উপর হামলার অভিযোগে গতকাল বুধবার সোহাগ, সোহেল, মিরাজ, জহিরুল ইসলামকে আটক করে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করেন মেয়র। মেয়রের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পত্র-পত্রিকায় হামলার সচিত্র প্রতিবেদন থেকে হামলাকারীদের শনাক্ত করে মেয়র কৌশলে ডেকে এনে পুলিশে সোপর্দ করেন। কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন ইত্তেফাককে জানান, পুলিশ বাদী হয়ে আটককৃত ৪ জনসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।
প্রসঙ্গত, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ মঙ্গলবার কলেজে যোগদান করতে আসলে ছাত্রলীগের একাংশের (বাকসু পরিচালনার দায়িত্বে থাকা) নেতারা জোর করে তাকে একটি মোটর সাইকেলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধর করা হয়। অধ্যক্ষ গতকাল ইত্তেফাককে জানান, হামলার ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে মহানগর আওয়ামী লীগ এক বিবৃতিতে কোন রাজনৈতিক সংগঠনকে দায়ী না করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তবে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি এ ঘটনায় সরাসরি ছাত্রলীগকে দায়ী করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।