আন্দোলন ভিন্নখাতে নিয়ে জামায়াতকে রক্ষা করতে চায় বিএনপি :১৪ দল
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৩
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, শাহবাগে তরুণদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে জামায়াতকে রক্ষা করতে চায় বিএনপি। যুদ্ধাপরাধী ও তাদের দোসর জামায়াতকে বাঁচাতে বিএনপি নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। গত দুইদিনে জামায়াত শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হানিফ বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। গতকাল বুধবার সন্ধ্যায় ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পূর্বঘোষিত আগামী ১৬ ফেব্রুয়ারি সারাদেশে গণপদযাত্রা এবং ১৯ ফেব্রুয়ারি ঢাকায় ১৪ দলের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।
মাহবুব-উল-আলম হানিফ জামায়াতকে নিষিদ্ধের জন্য জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার জন্য জাতীয় ঐকমত্য দরকার। তবে জনগণের দাবির প্রেক্ষিতে এমন একটা সময় আসবে যখন বিএনপি তাদের অবস্থান থেকে ফিরে আসতে বাধ্য হবে। বিএনপির বিবৃতির মাধ্যমে যুদ্ধাপরাধীদের পক্ষে তাদের অবস্থান আরেকবার পরিষ্কার হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, তরুণ প্রজন্মের এই আন্দোলনকে বিএনপি স্বাগত জানিয়েছে; কিন্তু সমর্থন জানায়নি। তিনি বলেন, তরুণ প্রজন্মের এই আন্দোলনের সাথে অন্য কিছু মেলানোর যৌক্তিকতা নেই। আজকে যারা এমন বক্তব্য দিচ্ছে তাদের স্মরণ করিয়ে দিতে চাই, তাদের আমলে ১৪ জন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সে বিচারের কথা তারা একটিবারও বলেনি। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে হানিফ বলেন, যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের তদন্ত করে প্রকৃত দোষীদের ধরে আইনগত শাস্তি দেয়ার জন্য আমরা কঠোর নির্দেশনা দিয়েছি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ উল আলম লেনিন, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণ আজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, ন্যাপের ইসমাইল হোসেন প্রমুখ।