মেঘনা ও গোমতী সেতু ১৬-২২ ফেব্রুয়ারি বন্ধ যান চলাচলে বিকল্প পথ

দ্বিতীয় পর্বের স্থায়ী মেরামতের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দুটির ওপর দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত সভায় এতথ্য জানান। এ কারণে ১৬ ফেব্রুয়ারি ভোর ৫টা থেকে কাচপুর ও ময়নামতি পয়েন্ট থেকে বিকল্প সড়কে যানবাহন চলাচল করবে। সভায় যোগাযোগ মন্ত্রী মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দুটি মেরামতকালে ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের জন্য কাচপুর ব্রিজ (ঢাকা)-তারাবো মোড় (রূপগঞ্জ)-নরসিংদী-আশুগঞ্জ-ভৈরব-সরাইল বিশ্বরোড-ময়নামতি-চট্টগ্রাম সড়ক এবং চট্টগ্রাম-ঢাকা রুটে যাতায়াতের জন্য ময়নামতি-সরাইল বিশ্বরোড-ভৈরব-আশুগঞ্জ-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-ঢাকা সড়ক ব্যবহার করার অনুরোধ জানান। মন্ত্রী জানান, স্থানীয় লোকজনের সুবিধার্থে কাচপুর থেকে সোনারগাঁও পর্যন্ত এবং ময়নামতি থেকে দাউদকান্দি ওয়াই জংশন পর্যন্ত বাস-মিনিবাস চলাচল করবে। স্থানীয় শিল্প কারখানার মালামাল এবং কর্মরত শ্রমিকদের একই পথে নির্ধারিত স্থানে পরিবহন করা যাবে। ধারণক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল্লার ময়নামতি, হবিগঞ্জের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এবং হবিগঞ্জের আউসকান্দিতে ওয়ে স্কেল সচল থাকবে। এছাড়া সিলেট থেকে আসা কয়লা, পাথর ও কাঠ বহনকারী অতিরিক্ত ওজনের যানবাহন উত্সমুখে নিয়ন্ত্রণ এবং চট্টগ্রাম বন্দর থেকে অতিরিক্ত ওজনের লং ভেহিক্যাল, কাভার্ডভ্যান উত্সমুখে নিয়ন্ত্রণ করা হবে। অতিরিক্ত ব্যবস্থা হিসেবে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলবে। এছাড়া ঢাকা-চাঁদপুর-ঢাকা নৌ-রুটে অতিরিক্ত স্টিমার সার্ভিস চালু থাকবে। যোগাযোগ মন্ত্রী জানান, তৃতীয় ও শেষপর্বের স্থায়ী মেরামত কাজ আগামী মার্চের সুবিধাজনক সময় সম্পন্ন করা হবে। এ সময় ছয় দিন সেতু দুটিতে যান চলাচল বন্ধ থাকবে।