উত্পাদনে বড় অন্তরায় গ্যাস-বিদ্যুত্ সংকট এমসিসিআইয়ের পর্যালোচনা

দেশের চলমান গ্যাস ও বিদ্যুত্ সংকটকে উত্পাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হিসেবে দেখছে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)। সেই সাথে দুর্বল ভৌত অবকাঠামো, ঋণ প্রাপ্তি কমে যাওয়া ও রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত এই সমস্যায় নতুন মাত্রা যোগ করেছে। চলতি ২০১২-১৩ অর্থ বছরের প্রথমার্ধের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনায় এ কথা বলেছে এমসিসিআই। ব্যবসায়ীদের এই সংগঠন তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত ৬ মাসের অর্থনৈতিক অবস্থার উপর একটি জরিপ কাজ চালায়। এর উপর ভিত্তি করে এমসিসিআই এমন মন্তব্য করেছে। তবে আলোচ্য সময়ে উত্পাদন ও শিল্পে বিনিয়োগ বেড়েছে বলেও জরিপে উঠে এসেছে। এমসিসিআইয়ের পর্যালোচনায় বলা হয়, চলমান বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশ ভালো করছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ভালো করছে। এই অঞ্চলে বাংলাদেশ শ্রীলঙ্কার পরেই অবস্থান করছে। তবে মূল্যস্ফীতি, ভর্তুকি এবং বাজেটে বড় অংকের ঘাটতির মতো বাধার কারণে সামষ্টিক অর্থনীতি এখনো অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এমসিসিআইয়ের পর্যালোচনায় বলা হয়, চলতি অর্থ বছরে সরকারের প্রাক্কলিত ৭ দশমিক ২ শতাংশের প্রবৃদ্ধি হবে না। এ সংস্থা দুইটির প্রাক্কলনে প্রবৃদ্ধি যথাক্রমে ৫ দশমিক ৮ শতাংশ ও ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে। এ জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদা কমে যাওয়া, দুর্বল অবকাঠামো এবং অভ্যন্তরীণ বিনিয়োগের ক্ষেত্রে বাধাকে চিহ্নিত করা হয়েছে। সেই সাথে জবাবদিহিতার অভাবকেও দায়ী করা হয়েছে।